বাংলাদেশ সহজ প্রতিপক্ষ নয়: ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতে বেশ কয়েকবারই পন্টিংয়ের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন মাইকেল ক্লার্ক। কিন্তু পূর্ণ সময়ের জন্য এ প্রথম তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছে সদ্যই সিংহাসন হারানো একটি দলের অধিনায়কত্ব। ব্যাপারটি তাঁকে আলোড়িত করলেও তিনি বলেছেন, কেবল আগামী ৯ তারিখে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টস করতে যাওয়ার আগেই তিনি ব্যাপারটি পুরোপুরি অনুভব করতে পারবেন।বাংলাদেশ সফরে রওনা হওয়ার আগে সিডনি বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্লার্ক বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সফর কিন্তু মোটেই সহজ হবে না। ঢাকায় যে কন্ডিশনে খেলা হবে, তা পুরোপুরি বাংলাদেশ দলের জন্য উপযোগী। এ ছাড়া তারা যে অস্ট্রেলিয়াকে ঘায়েল করতে টার্নিং উইকেট বানাবে, তাতে কোনো সন্দেহ নেই।’অধিনায়ক হিসেবে তাঁর প্রথম প্রতিপক্ষ বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার অবকাশ নেই বলেই জানিয়েছেন মাইকেল ক্লার্ক। তিনি বলেন, বাংলাদেশ দলে কয়েকজন বিশ্বমানের বাঁহাতি স্পিনার রয়েছে। ডানহাতি ব্যাটসম্যানের দল অস্ট্রেলিয়াকে এ বাঁহাতি স্পিনাররা যথেষ্ট সমস্যায় ফেলতে পারে বলে মনে করেন ক্লার্ক। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা ঢাকার কন্ডিশনে একটু কঠিন হবে।’নতুন পাওয়া অধিনায়কের দায়িত্ব নিয়ে কী ভাবছেন, এ প্রশ্নের জবাবে একটু রসিকতা করেই ক্লার্ক বলেন, ‘এখন থেকে দলের খেলোয়াড়েরা সব সময়ই বিভিন্ন প্রয়োজনে আমাকে ফোন করবে। আগে নিজেকে নিয়ে বেশি ভাবতাম, এখন সবাইকে নিয়েই ভাবতে হবে।’সদ্য অধিনায়কের পদ থেকে বিদায় নেওয়া রিকি পন্টিংয়ের উপস্থিতি তাঁকে সাহায্য করবে বলেই জানালেন ক্লার্ক। তিনি বলেন, ‘পন্টিংয়ের উপস্থিতি বরং আমাকে সাহায্যই করবে। সে দারুণ অভিজ্ঞ একজন ক্রিকেটার।’নিজের অধিনায়কত্বের দর্শন সম্পর্কে ক্লার্ক বলেন, ‘আমি সব সময়ই খেলোয়াড়দের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা যে স্টাইলে খেলে আনন্দ পায়, আমি তাদের সেভাবেই খেলার স্বাধীনতা দেব। কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া আমি একেবারেই পছন্দ করি না।’ তিনি আশা করেন, খুব তাড়াতাড়িই অস্ট্রেলিয়ার অন্য খেলোয়াড়েরা তাঁর অধিনায়কত্বের ধরনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিতে পারবে।মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্বকে একটি ‘গুরুদায়িত্ব’ হিসেবে অভিহিত করে বলেন, ‘আমার তো মনে হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পরপরই সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হয়, দেশের ক্রিকেট দলের অধিনায়ককে।’ রয়টার্স।