বাংলাদেশ সিরিজে চোখ রামদিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দেড়েক আগেও তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। সহজাত নেতৃত্ব গুণের কারণে ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যৎ অধিনায়কও মনে করা হচ্ছিল তাঁকে। সেই ভাবনা থেকেই দেওয়া হয়েছিল সহ-অধিনায়কত্ব। কিন্তু উইকেটের সামনে-পেছনে ফর্ম হারিয়ে সেই তিনি একসময় চলে গেলেন দলের বাইরে। শুরু হলো ফেরার দিন গোনা। অবশেষে শেষ হয়েছে ১৫ মাসের প্রতীক্ষা। দিনেশ রামদিন ফিরলেন বাংলাদেশ সিরিজের দলে। জায়গাটা আবার পাকা করার জন্য পাখির চোখ করেছেন বাংলাদেশ সফরকেই।ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলার জন্য রামদিন এখন ভারতে। সেখানেই বলেছেন, কঠোর পরিশ্রমের পুরস্কার জাতীয় দলে ফেরা, ‘বছর খানেক পর আবার আন্তর্জাতিক পর্যায়ে ফিরতে পেরে আমি খুশি। নিজের খেলা নিয়ে আমি অনেক খেটেছি, এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। আশা করি, এবার ভালো পারফরম্যান্স করতে পারব।’ব্যাট হাতে তাঁর সামর্থ্যের প্রতিফলন পড়েনি পারফরম্যান্সে। বয়সভিত্তিক বা ঘরোয়া ক্রিকেটে ছড়ানো তাঁর ব্যাটিং-দ্যুতির খুব কমই দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হারানোয় বড় ভূমিকা ছিল ওই ব্যাটিং-ব্যর্থতারই। ধারাবাহিকতার অভাবে জায়গাটা নড়বড়েই হয়ে পড়েছিল। গত বছরের মে-জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্টে ৬৩ ও ৫ ওয়ানডেতে ৩৪ করার পর বাদই পড়ে গেলেন।এরপর নিজের ব্যাটিং নিয়ে প্রচুর খেটে ঘরোয়া ক্রিকেটে রানও পেলেন। সর্বশেষ তিন ম্যাচে ছিল এক সেঞ্চুরি ও ২ ফিফটি। রামদিনের ধারণা, ব্যাট হাতে এমন ফর্মই দলে ফিরিয়েছে তাঁকে, ‘বাদ দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল, আমি রান পাচ্ছি না। আমি দেশে ফিরে গেলাম, ঘরোয়া ক্রিকেটে অনেক রান করলাম। নির্বাচকেরা মনে হয় এখন আমার ব্যাটিংয়ে সন্তুষ্ট, এ জন্যই ফিরতে পেরেছি।’রামদিন যখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন, তারপর দলের অনেক কিছুই বদলে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচের দল থেকে মাত্র তিনজন আছেন বাংলাদেশ সফরের দলে। দলে ফিরলেও ৪২ টেস্ট ও ৮১ ওয়ানডে খেলা রামদিন তাই দলের অভিজ্ঞদের একজন। টেস্ট দলে জায়গা পাওয়াটা অবশ্য তার পরও নিশ্চিত নয়। গত কিছুদিনের নিয়মিত উইকেটরক্ষক কার্লটন বাফ আছেন টেস্ট দলে। তবে ওয়ানডে দলে তিনিই একমাত্র উইকেটরক্ষক, ওয়ানডে সিরিজটা তাই নিশ্চিন্তেই খেলতে পারবেন। রঙিন পোশাকে রান পেলে হয়তো আবার সাদা পোশাক গায়ে চাপানোর পথও সুগম হবে! ওয়েবসাইট।