বাংলাদেশ সিরিজেও পাকিস্তানের কোচ মহসিন
হঠাৎই দায়িত্বটা পেয়ে যান গত মাসের শুরুতে। ওয়াকার ইউনুস কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় মহসিন খানকে। প্রধান নির্বাচকের বাইরে বাড়তি দায়িত্ব। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের পর বাংলাদেশেও কোচ হয়ে আসছেন পাকিস্তানের সাবেক ওপেনার। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজ ২৯ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মহসিন খানের দায়িত্বের মেয়াদ বাড়ানোর মানে এই নয়, তাঁকেই দীর্ঘ মেয়াদে পাকিস্তানের কোচ করা হবে। ওয়াকার ইউনুস পদত্যাগ করার পর থেকেই তাঁর উত্তরসূরি খুঁজছে পিসিবি, আগস্টের শেষে একটি কমিটিও গঠিত হয় সেজন্য। পাঁচজনের একটি সংক্ষিপ্ত তালিকাও হয়ে গেছে গত সেপ্টেম্বরে, কিন্তু এখনো দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগ দেওয়া হয়নি। ১৮ নভেম্বর কোচপ্রার্থিতার আবেদনপত্র গ্রহণের শেষ দিন। ওয়েবসাইট।