বাংলাদেশ-হল্যান্ড ম্যাচে যত রেকর্ড
বাংলাদেশের বিশ্বকাপে অষ্টম, হল্যান্ডের বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে ৬৭তম ওয়ানডে জয়। বিশ্বকাপে এই প্রথম টানা দুই ম্যাচ জিতল বাংলাদেশ। টানা দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ইমরুল কায়েস। এই প্রথম টানা দুই ম্যাচে তাঁর ফিফটি হলো। ইমরুলের অপরাজিত ৭৩ রান বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশরাফুলের ৮৭ রান সবার ওপরে। ইমরুলের ইনিংসটি বিশ্বকাপে বাংলাদেশের কোনো ওপেনারের সর্বোচ্চ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন ইমরুল কায়েসের। ৫ ম্যাচ শেষে ইমরুলের রান ১৮৪। বিশ্বকাপে তামিমের ২টি শূন্য বাংলাদেশের রেকর্ড। ইমরুল ও জুনায়েদের ৯২ রানের জুটি বিশ্বকাপে যেকোনো উইকেটেই বাংলাদেশের সেরা। আগের সেরা ৮৫ রান করেছিলেন মেহরাব হোসেন ও নাঈমুর রহমান, ১৯৯৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম উইকেটে। তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীস ৫৯ রান করে ছুঁয়েছেন ভারতের বিপক্ষে সাকিব ও তামিমের করা এই জুটির বাংলাদেশের বিশ্বকাপ রেকর্ড। হল্যান্ডের ১৬০ রান বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের ১৬১। শফিউলের বোলিং বিশ্লেষণ: ৯.২-৩-১৫-০, ওভারপ্রতি ১.৬১ রান, বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে মিতব্যয়ী বোলিং। আগের রেকর্ডটি খালেদ মাহমুদের, ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ ওভারে ১২ রান দিয়েছিলেন ওভারপ্রতি মাত্র ১.৭১ গড়ে। হল্যান্ডের চার ব্যাটসম্যানকে রানআউট করে এ নিয়ে ওয়ানডেতে চারবার প্রতিপক্ষের চারজনকে রানআউট করল বাংলাদেশ। বিশ্বকাপে ৭ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে খেলতে নামার মাত্র দ্বিতীয় নজির গড়ল বাংলাদেশ। গত বিশ্বকাপে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছিল ৭ বাঁহাতিকে নিয়ে। ওয়ানডেতে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একবার ৭ বাঁহাতি ব্যাটসম্যান ছিল বাংলাদেশ দলে। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ডিসমিসাল (৮টি) এখন মুশফিকুরের। কাল দুটি স্টাম্পিং করে ভেঙেছেন খালেদ মাসুদের ৬টি ডিসমিসালের রেকর্ড।