বাংলাদেশ ২১৬, তামিম ১০৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-শার্টের বুকে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। তার ওপরে লেখা ‘করিডর অব আনসার্টেনিটি’। ওল্ড ট্রাফোর্ড মাঠে খেলা দেখতে আসা দর্শকের গায়ের ওই টি-শার্ট যেন বাংলাদেশ দলের অননুমানযোগ্য চরিত্রের কথাই বলছিল।বাংলাদেশের ক্রিকেট মানেই খারাপ খেলতে খেলতে হঠাৎ এক-দুই ম্যাচে আলোর ঝলকানি। লর্ডসে অমন একটা টেস্টের পর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ আবারও তা-ই প্রমাণ করে ছাড়ল। নইলে টেস্টে সাকিব আল হাসানের সপ্তম ৫ উইকেট ও তামিম ইকবালের চতুর্থ সেঞ্চুরির পরও টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের নয় কেন!ইংল্যান্ডকে প্রথম ইনিংসে সাড়ে ৩০০ রানে আটকে রাখার লক্ষ্য অর্জিত না হলেও ৪১৯ রান খুব বেশি নয়। তার ওপর বাংলাদেশের প্রথম ইনিংসটাও দেখল অনবদ্য এক শুরু। দুই ওপেনার তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ১২৬ রানের ওপেনিং জুটি, তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। তাতে লাভ? টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ড্রেসিংরুম তো সেই হতাশায়ই নিমজ্জিত! ২১৬ রানে অলআউট হয়ে ফলোঅন বাঁচানো যায়নি মাত্র ৪ রানের জন্য। তবে বাংলাদেশকে ফলোঅন করাবে, নাকি নিজেরাই নামবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে, সেটা ইংল্যান্ড জানাবে আজ সকালে।লর্ডসে খেলব না খেলব না করেও শেষ পর্যন্ত তামিম শুধু খেললেনই না, দুই ইনিংসে করলেন ৫৫ ও ১০৩ রান। ওল্ড ট্রাফোর্ডেও বুকের ব্যথার কারণে টেস্ট শুরুর আগের দিন তাঁকে নিয়ে অনিশ্চয়তা ছিল। তামিম এবারও বিজয়ী—টানা ৫ম ইনিংসে করলেন পঞ্চাশের বেশি রান। এই টেস্টের আগে গত নয় ইনিংসের পরিসংখ্যান যদি চান, সেটাও বলার মতো—১০৩, ৫৫, ৫২, ৮৫, ১৪, ৮৬, ৩০, ৬৮ ও ১৫১।লাঞ্চের পর মাত্র ৯.৫ ওভার খেলেই প্রথম ইনিংসে অলআউট হয়েছে ইংল্যান্ড। ইমরুল কায়েসকে নিয়ে ওপেনার তামিম ইকবাল বাংলাদেশের ইনিংসটা এরপর এমনই ঝোড়ো হাওয়ায় শুরু করলেন যে, চা-বিরতির আগেই বিনা উইকেটে ৯৬! ইনিংসের ১৪তম ওভারে গ্রায়েম সোয়ানকে লং অন দিয়ে বিশাল ছক্কা মেরে তামিম মাত্র ৪৩ বলে করে নিয়েছেন টেস্টে নিজের নবম ফিফটি। পরে সেঞ্চুরিও করেছেন সোয়ানকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে। ১০৮ রান করে জেমস অ্যান্ডারসনের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হওয়ার আগ পর্যন্ত বাঁহাতি এই ওপেনার খেলে গেলেন ‘নিজের খেলা’ই।তামিমের ব্যাটিং ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের আনন্দে ভাসানোর পাশাপাশি বিব্রত করেছে বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে সদা ভ্রু কুঁচকে থাকা ব্রিটিশ মিডিয়াকে। তাদের একজন তো কাল বাংলাদেশের সাংবাদিকদের কাছে স্বীকারও করলেন, ‘তোমরা উন্নতি করছ। লর্ডসে ও রকম একটা টেস্টের পর এখানে এমন দারুণ শুরু! অসাধারণ...।’ কিন্তু সম্মানটা আর ধরে রাখা গেল কই? বিনা উইকেটে ১২৬ রান থেকে উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতায় দিন শেষ হওয়ার আগেই ২১৬ রানে অলআউট হয়ে নিজেদের সামর্থ্যের সামনে বড় একটা প্রশ্নবোধক চিহ্নই ঝুলিয়ে দিলেন ব্যাটসম্যানরা। সোয়ান পেয়েছেন ৫ উইকেট, এমনকি অভিষেক টেস্ট খেলতে নামা পেসার আজমল সেহজাদকেও তাঁরা দিয়ে এসেছেন ৩টি উইকেট।তামিমের আগে ওল্ড ট্রাফোর্ডের সব আলো গিয়ে পড়েছিল সাকিবের ওপর। টেস্টে সপ্তমবারের মতো ৫ উইকেট পেয়ে ছুঁয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের কৃতিত্ব। বাংলাদেশের হয়ে টেস্টে সাতবার ৫ উইকেট পাওয়ার সাফল্য কেবল এ দুজনেরই। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল আর ম্যাট প্রিয়র কাল আরও প্রায় ১৪ ওভারের মতো খেললেও সাকিবের সামনে শেষ পর্যন্ত দিনের ২৯তম ওভারেই অলআউট ইংল্যান্ড!রান যা হওয়ার হয়েছে বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ইয়ান বেল আর প্রিয়রের রেকর্ড ১৫২ রানের জুটিতে। টেস্টে ১১তম সেঞ্চুরি করা বেলকে বোল্ড করে জুটিটা সাকিবই ভাঙেন। ম্যাট প্রিয়র চেষ্টা করেছিলেন ইনিংসটা লম্বা করার, কিন্তু সাকিবের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তিনিও গালিতে জহুরুলের ক্যাচ হয়েছেন সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে। এরপর ফিনের উইকেটটাও নিয়ে সাকিব পেয়েছেন ৫ উইকেট। একই দিনে ৫ উইকেট আর সেঞ্চুরি—তার পরও দিনটা বাংলাদেশের নয়!বাংলাদেশ আসলেই ‘করিডর অব আনসার্টেনিটি’।