বাংলাদেশ ৩২৮ রানে জয়ী!
জাতীয় দলের ক্রিকেটাররা তাকিয়ে আছেন জিম্বাবুয়ে দলের দিকে। জিম্বাবুয়ে আজ দক্ষিণ আফ্রিকাকে হারালে তবেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠবে বাংলাদেশ। ঠিক এ দিনই দেশকে বিরল এক জয় এনে দিলেন বাংলাদেশি তরুণেরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ আজ ৩২৮ রানে হারিয়েছে শক্তিতে অনেক পিছিয়ে থাকা কাতারকে।ফলাফলটা অবিশ্বাস্য ঠেকলেও বাস্তবতা হলো, ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে তা সম্ভব করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। কৃতিত্বের মূলটা অবশ্য ভাগ করে নেবেন দুজন—সৌম্য সরকার ও আবু হায়দার। সৌম্য প্রথম বাংলাদেশি হিসেবে এক-দিবসীয় ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে ডবল সেঞ্চুরি করেছেন; আবু হায়দার ৫.৪ ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন কাতারের ৯ উইকেট।সৌম্যের ডবল সেঞ্চুরির ওপর ভর করে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৩ রান তোলে। এর পর কাতারের ইনিংস মাত্র ৩৫ রানে গুটিয়ে দেন হায়দার। ১১.৪ ওভারের মধ্যে একে একে কাতারের নয়টি উইকেট কেড়ে নেন হায়দার। শেষ ব্যাটসম্যান ওমর ইশতিয়াক মাঠে নামেননি। না হলেও কাতারের সব কটি উইকেটই হায়দারের দখলে যেতে পারত! তাঁর তাণ্ডবে কাতারের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।২০৯ রানের ইনিংস খেলে ব্যক্তিগত অনন্য এক রেকর্ড গড়েছেন সৌম্য সরকার। গড়েছেন এক দিনের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড। সৌম্যের ১৩৫ বলের ইনিংসটিতে ছিল ২৭টি চার এবং আটটি ছয়ের মার। অধিনায়ক আসিফ আহমেদ করেন ৮৭ রান।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯: ৩৬৩/৭ (৫০ ওভার)সৌম্য ২০৯, আসিফ ৮৭লোকেশ ৪৩/৩কাতার অনূর্ধ্ব ১৯: ৩৫/১০ (১১.৪ ওভার)লোকেশ ৯, তাহা ৬আবু হায়দার ১০/৯ফল: বাংলাদেশ ৩২৮ রানে জয়ী।