বাংলাদেশ: অনেক আশার বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন যেকোনো বিশ্বকাপে বাংলাদেশের মানুষের ভূমিকাটা ছিল বড় একঘেঁয়ে। কায়মনোবাক্যে অন্য দেশের জন্য প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। খেলাধুলাকে যারা নিখাদ বিনোদনের মাধ্যম হিসেবে মনে করেন, তাঁদের কাছে ব্যাপারটি তেমন কোনো উনিশ-বিশের না হলেও জাত্যাভিমানী বেশির ভাগ মানুষকে ভেতর থেকে পীড়া দিত তা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনেকেই বলতেন, ‘আমার দেশটা কবে খেলবে বিশ্বকাপে।’ এই তো সেদিনও ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেট যখন এ উপমহাদেশে যৌথভাবে আয়োজিত হলো, তখন বাংলাদেশি হিসেবে আমাদের দুঃসহ এক একাকিত্ব ঘিরে রেখেছিল। আমাদের পাশের তিনটি দেশ বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করছে, আর আমরা তাঁর অংশ নই—পুরো ব্যাপারটিই ছিল খুব নির্মম।আজ ২০১১ সালে দাঁড়িয়ে বিশ্বকাপের অংশ না হওয়ার সেই বেদনা বাংলাদেশের আর নেই। আমরা এখন বিশ্বকাপ ক্রিকেটের কেবল নিয়মিত অংশই নই, আমরা এর অন্যতম আয়োজক। ব্যাপারটি ভাবতেই আবাক লাগে। তবে আবাক হওয়ার আগে এর প্রেক্ষাপটের দিকে ফিরে তাকালে দেখা যায়, একটার পর একটা কঠিন ধাপ পেরিয়েই বাংলাদেশ আজ এ অবস্থানে এসে দাঁড়িয়েছে। এর পেছনে আছে অনেক পরিশ্রম, ত্যাগ আর পুরো দেশের মানুষের ক্রিকেটের প্রতি অফুরন্ত সমর্থন। সবকিছুরই যোগসূত্রে আজ বাংলাদেশ এ জায়গায় এসে দাঁড়িয়েছে।১৯৮৬ সালের এশিয়া কাপে বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়। বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের শক্ত জমিনে দাঁড়িয়ে বাংলাদেশের ফলাফল কিন্তু একেবারে খারাপ ছিল না। স্বাভাবিকভাবেই পরাজয়ই ছিল বাংলাদেশের সঙ্গী। কিন্তু ইমরান খান, আবদুল কাদির, ইকবাল কাশিম ও রমেশ রাত্নায়েকের মতো বোলারদের সামলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই এশিয়া কাপে প্রমাণ করে দিয়ে এসেছিল, নিয়মিত সুযোগ পেলে বাংলাদেশের পক্ষেও ক্রিকেটে ভালো কিছু করা সম্ভব। ’৮৬-এর এশিয়া কাপের সেই দুটো ম্যাচের অভিজ্ঞতা ছিল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান তৈরি করার সবচেয়ে প্রাথমিক দুটি ভিত্তি।১৯৮৭ সালের বিশ্বকাপের আমেজ এ দেশের মানুষ প্রথমবারের মতো উপভোগ করেছিল প্রাণভরে। পত্র-পত্রিকাগুলো প্রথমবারের মতো বড় ধরনের কভারেজ দিয়েছিল। সাপ্তাহিক কিংবা পাক্ষিক সাময়িকীগুলোর প্রচ্ছদ দখল করেছিল প্রথমবারের মতো উপমহাদেশে আয়োজিত বিশ্বকাপের কাহিনি। ইমরান খান, সুনীল গাভাস্কার, জাভেদ মিয়াঁদাদ, কপিল দেব ও ভিভ রিচার্ডসেরা সেবারই প্রথম এ দেশের ক্রীড়াপ্রেমী মানুষের হাতের নাগালের মধ্যে চলে আসেন গণমাধ্যমের কল্যাণে। বাংলাদেশ টেলিভিশন দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করেছিল। তবে ভারতের দূরদর্শন চ্যানেল তখন বাংলাদেশের আনাচে-কানাচে দেখা যেত। সাধারণ মানুষ বাসার ছাদের টিভি অ্যান্টেনার মধ্যে ঘটি-বাটি সদৃশ ‘বুস্টার’ লাগিয়ে বিশ্বকাপের অনেক ম্যাচই সরাসরি দেখার সুযোগ পায়। সে হিসেবে বিশ্বকাপ ফুটবলের মতোই পুরো দেশে ছড়িয়ে পড়ে ক্রিকেটীয় উন্মাদনা। অনেকে বলে থাকেন বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি অনুরাগের জন্ম হয় এই ’৮৭-এর বিশ্বকাপের সময় থেকেই। বিশ্বকাপে খেলার স্বপ্নটাও প্রথমবারের মতো প্রোথিত হয় এই সময়েই।সাতাশির বিশ্বকাপের এক বছর পরই ১৯৮৮ সালের অক্টোবরে বাংলাদেশে আয়োজিত হয় এশিয়া কাপের তৃতীয় আসর। বাংলাদেশে খেলতে আসে উপমহাদেশের বড় ক্রিকেট তারকারা। প্রতিটি ম্যাচেই ফুটে ওঠে ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের অনন্য ভালোবাসা। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটাররা সামর্থ্য অনুযায়ী লড়াই করেন। এশিয়া কাপ বাংলাদেশের ক্রিকেটে বিপ্লব সৃষ্টি করে। টুর্নামেন্টটি শেষ হওয়ার পরপরই সেবারের ঘরোয়া ক্রিকেট মৌসুমে ভারত ও শ্রীলঙ্কান ক্রিকেটাররা ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা শুরু করেন। খেলতে আসেন অর্জুনা রানাতুঙ্গা, কপিল দেব, রবি শাস্ত্রী, অশোক মালহোত্রা, ব্র্যান্ডন কুরুপ্পু, গ্রাহাম ল্যাবরয়, রমেশ রাত্নায়েকে ও অরবিন্দ ডি সিলভাদের মতো ক্রিকেটাররা। ঢাকার ক্রিকেটের খোল নলচেই পাল্টে যায় এসব বিশ্বখ্যাত ক্রিকেটারদের অংশগ্রহণে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশের ক্রিকেটকে। ফার্নান্দো, রডরিগো, গুরুগে ও গামাগেদের মতো তরুণ-উদীয়মান ক্রিকেটাররাও যেমন এরপর থেকে ঢাকার ক্রিকেটে খেলেছেন; ঠিক তেমনি খেলেছেন ওয়াসিম আকরাম, অজয় জাদেজা, সনত্ জয়াসুরিয়া, নেইল ফেয়ারব্রাদারের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটাররা। এ বিদেশি ক্রিকেটাররাও বাংলাদেশের ক্রিকেটের আজকের অবস্থানের অন্যতম অংশীদার।১৯৯২ সালেই আইসিসি ঘোষণা করে পরবর্তী বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আইসিসি ট্রফির শীর্ষ তিন সহযোগী সদস্যের অংশগ্রহণের কথা। এ ঘোষণায় উদ্দীপনা সৃষ্টি হয় বাংলাদেশের ক্রিকেটে। সে সময় আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশের ক্রিকেটের মান এমন জায়গায় ছিল, সেখান থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারাটাই ছিল অস্বাভাবিক। কিন্তু ১৯৯৬ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য ১৯৯৪ সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ দেশের লাখো-কোটি ক্রিকেটানুরাগীর প্রত্যাশা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ দলের কোচ ছিলেন ভারতের ’৮৩-এর বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা সদস্য মহিন্দর অমরনাথ। কিন্তু সেবারের আইসিসি ট্রফিতে বাংলাদেশ অপ্রত্যাশিতভাবে হারে আরব আমিরাত, হল্যান্ড ও কেনিয়ার মতো দেশগুলোর সঙ্গে। বিশ্বকাপে কোয়ালিফাই না করতে পারার ব্যর্থতায় পুরো জাতি মুষড়ে পড়ে। তবে সে বছরই ঢাকায় অনুষ্ঠিত সার্ক ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার ‘এ’ দলকে হারিয়ে দেশের মানুষের মধ্যে ক্রিকেটের প্রতি আস্থা ফিরিয়ে নিয়ে আসে। পাকিস্তানের ‘এ’ দলের কাছে সেই প্রতিযোগিতায় এক উইকেটে হেরে গেলেও ফাইনালে উঠে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করে বাংলাদেশ।এভাবেই হাঁটি হাঁটি পা পা করে এক একটি ধাপ অতিক্রম করতে থাকে বাংলাদেশের ক্রিকেট। ’৯৬-এর এসিসি ট্রফি জয়ও এই পথ চলার অন্যতম মাইলফলক। ’৯৭-এর আইসিসি ট্রফির আগে বাংলাদেশের কোচ হয়ে আসেন সাবেক ক্যারিবীয় গ্রেট গর্ডন গ্রিনিজ। এর পরের ইতিহাসগুলো এ দেশের মানুষের কাছে এতটাই উজ্জ্বল যে নতুন করে সেগুলো বর্ণনা করা বাতুলতারই শামিল। এ দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংগ্রামের সবচেয়ে হূদয়গ্রাহী ও সবচেয়ে আনন্দময় সময় ছিল সেটা। মালয়েশিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফি এ দেশের মানুষকে একসুতোয় গেঁথে দেয়। আকরাম খানের নেতৃত্বে জাতীয় দলও বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিদান দেন পুরো মাত্রায়। এ দেশের মানুষকে আনন্দের সাগরে ভাসিয়ে আইসিসি ট্রফি জিতে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ফাইনালে কেনিয়ার বিপক্ষের সেই রুদ্ধশ্বাস ম্যাচটি আজও মানুষকে উদ্বেলিত করে। এর আগে হল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ১৭২ রান তাড়া করতে নেমে ১৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে বিজয়ের বন্দরে নিয়ে যান আকরাম খান ৬৭ রানের এক অনবদ্য ইনিংস খেলে। হল্যান্ডের সঙ্গে সেই ম্যাচে হেরে গেলেই বিদায় হয়ে যেত বাংলাদেশের। ক্রিকেট পিছিয়ে যেত আরও অন্তত কয়েক বছরের জন্য। বাংলাদেশের ক্রিকেটে আকরাম খানের সেই ইনিংসটিকে আজও এ দেশের ক্রিকেট ইতিহাস নতুনভাবে লেখার অন্যতম অনুষঙ্গ হিসেবে ধরা হয়। আকরামের সেই ইনিংসটির কাছে আজও ঋণী বাংলাদেশের ক্রিকেট।নিরানব্বইয়ের বিশ্বকাপে অবশেষে গৌরবদীপ্ত আবির্ভাব ঘটে বাংলাদেশের। শেষ হয় এ দেশবাসীর বিশ্বকাপ হাহাকারের। অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপে মাঠে নামে বাংলাদেশ। প্রথম আবির্ভাবেই স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার পর টেস্ট স্ট্যাটাসের পথেও অনেক দূর এগিয়ে যায় বাংলাদেশ। ১৯৯৯ সালের ৩১ মে ওয়াসিম, ওয়াকার, শোয়েব আকতার ও সাঈদ আনোয়ারের পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত হয় ৬২ রানে। বিশ্ব ক্রিকেটের মাধ্যমেই নতুন করে চেনে বাংলাদেশকে। এরপর ২০০০ সালের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি। দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিশ্বপটে বাংলাদেশের আবির্ভাব, টেস্ট খেলা, একে একে সব টেস্ট খেলুড়ে দেশকে হারানোর চক্র পূরণ—সবই হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশের মানুষকে বারবার আনন্দে ভাসানোর কৃতিত্বই এককভাবে ক্রিকেটের। অস্ট্রেলীয় কোচ ডেভ হোয়াটমোরের আগমন এবং ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াও এ দেশের ক্রিকেটপ্রেমী মানুষ ভুলতে পারবে না। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে সুপার এইটে পৌঁছে যাওয়া এবং সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার ইতিহাস এ দেশের ক্রিকেটের নিরন্তর প্রেরণারই উত্স। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো, ২০০৬ সালে ফতুল্লায় পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচটি প্রায় জিতে যাওয়া, ২০০৩ সালে মুলতান টেস্টে পাকিস্তানের কাছে বিতর্কিতভাবে হেরে যাওয়া এবং সব শেষে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ এ দেশের ক্রিকেটের একেকটি সোনালি স্মৃতিগাঁথা।এ স্মৃতির পিঠে সওয়ার হয়ে এবারের বিশ্বকাপে তাই মানুষের প্রত্যাশার কেন্দ্রে এ দেশের ক্রিকেট দল। নিজ মাঠে খেলা হওয়ায় এ প্রত্যাশা বেড়ে গেছে অনেক দূর। বিশ্বকাপ বাংলাদেশের জন্য বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হয়ে ওঠার মঞ্চ হয়ে উঠুক—এ স্বপ্ন দেখতে শুরু করেছি আমরা সবাই।সাকিব-তামিম-মাশরাফিরা আমাদের সেই স্বপ্ন পূরণ করবেই।