বাংলাদেশই তো এগিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিকে ড্যানিয়েল ভেট্টোরি। অন্য দিকে মোহাম্মদ আশরাফুল। একজন খেলেছেন ৯৭ টেস্ট। অন্যজন ৫২। দুদলের অভিজ্ঞতম দুই মুখ।অভিজ্ঞতার বিচারে পরের নাম দুটিতে আসুন। ক্রিস মার্টিন ৫৩ টেস্ট, শাহাদাত হোসেন ২৫।নিউজিল্যান্ড অনেক এগিয়ে। অভিজ্ঞতার বিচারে তিন নম্বরে যে দুটি নাম, এগিয়ে সেখানেও। ব্রেন্ডন ম্যাককালাম খেলেছেন ৪৯ টেস্ট, মুশফিকুর রহিম ১৮।কিন্তু এর বাইরে? নিউজিল্যান্ড দলে তো নতুনের ছড়াছড়ি। টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনজন, আরেকজন খেলেছেন মাত্র একটি টেস্ট। টপ-অর্ডারের প্রথম তিনজনের টেস্ট সংখ্যা যোগ করলে হয় ১১, এর মধ্যে একজনই খেলেছেন ১০টি। চার নম্বর ব্যাটসম্যানের এটি ২২তম টেস্ট। ৫ নম্বরের অষ্টম।কদিন আগেই টেন্ডুলকার-দ্রাবিড়-শেবাগ-লক্ষ্মণদের বিপক্ষে টেস্ট খেলে আসা বাংলাদেশের জন্য এ এক অভূতপূর্ব অভিজ্ঞতাই। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সিরিজ আর গত ওয়েস্ট ইন্ডিজ সফর বাদ দিলে এমন অনভিজ্ঞ দলকে আর টেস্টে কখনো প্রতিপক্ষ হিসেবে পায়নি বাংলাদেশ। টেস্ট ক্রিকেট খেলতে শুরু করার পর থেকেই যে অনভিজ্ঞতা বাংলাদেশ দলের সব ব্যর্থতার বর্ম হয়ে থেকেছে, সেটি যে এখানে খসে যাওয়ার উপক্রম!অভূতপূর্ব অভিজ্ঞতা, অভূতপূর্ব সুযোগও কি নয়? ‘আমরা অনভিজ্ঞ বলে অনেক ভুল করি। ওরাও ভুল করবে। সেগুলো কাজে লাগাতে হবে’—টেস্ট অভিজ্ঞতায় নিউজিল্যান্ডের এই দল যে বাংলাদেশের চেয়ে খুব একটা এগিয়ে নেই, টিম মিটিংয়ে সেটি মনে করিয়ে দিয়েছেন জেমি সিডন্স।নিউজিল্যান্ডের দুই ওপেনারের মধ্যে টিম ম্যাকিন্টোশ খেলেছেন ১০ টেস্ট, তাঁর সঙ্গী ওয়াটলিং মাত্র একটি। এই গত ডিসেম্বরেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে তাঁর। তিন নম্বর পিটার ইনগ্রামের অভিষেক হচ্ছে এখানে। রস টেলর-ভেট্টোরি-ম্যাককালামকে চাপে ফেলতে নিউজিল্যান্ডের এই নতুন টপ-অর্ডারকে ধসিয়ে দেওয়াটা খুব জরুরি বলে মনে করছেন সাকিব আল হাসান। স্পেশালিস্ট ব্যাটসম্যানদের ছেড়ে ভেট্টোরিকে নিয়েই মনে হলো তাঁর মূল দুশ্চিন্তা, ‘ও গত কিছুদিন খুব ভালো ব্যাটিং করছে। তা ছাড়া ভেট্টোরি আর ম্যাককালাম বাংলাদেশের বিপক্ষে বেশি ভালো খেলে।’নিউজিল্যান্ডের এই হঠাত্ নতুন চেহারা নেওয়ার পেছনে অবসর আর ইনজুরি। জেসি রাইডার ও গ্র্যান্ট এলিয়ট ইনজুরির কারণে বাইরে। শেন বন্ড ও ইয়ান ও’ব্রায়েন অবসর নেওয়ার পর এটাই নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাট। ও’ব্রায়েন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে চলে গেছেন ইংল্যান্ডে। শেন বন্ড ইনজুরির সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে বিসর্জন দিয়েছেন টেস্ট ক্যারিয়ারকে। ড্যানিয়েল ভেট্টোরির কণ্ঠে ঝরে পড়ে দুঃখ, ‘একের পর এক ইনজুরি তো নিউজিল্যান্ড ক্রিকেটের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।’ আইসিএলের কারণে হারিয়ে ফেলা শেন বন্ডকে যে আবার পেয়েও হারালেন, এতে আফসোস হয় না? ‘কোন অধিনায়কের তা হবে না? ওর মতো বোলার তো আর বছর-বছর আসে না’—বলছিলেন সেদিনই। নিউজিল্যান্ডের পেসারদের ইনজুরি একটু বেশিই হয়। ভেট্টোরি নিজে আবিষ্কার করেছিলেন অ্যান্ডি ম্যাকাইকে। এই বাঁহাতি পেসারও পড়েছেন ইনজুরিতে। হ্যামিল্টন টেস্টের স্কোয়াডে নিউজিল্যান্ডকে তাই ডাকতে হয়েছে আরেকজন নতুনকে। নিউজিল্যান্ডের নতুন মানেই কিন্তু তরুণ নন। বাংলাদেশের সঙ্গে এখানেই নিউজিল্যান্ডের বড় পার্থক্য। ত্রিশ ছুঁইছুঁই হওয়ার আগে খুব কমই কারও সুযোগ হয় নিউজিল্যান্ড দলে। অথচ বাংলাদেশে ওই বয়সে টেনে দেওয়া হয় ক্যারিয়ারের সমাপ্তিরেখা! নিউজিল্যান্ড দলে টেস্ট খেলার অভিজ্ঞতায় যারা পিছিয়ে, প্রথম শ্রেণীর ক্রিকেট অভিজ্ঞতায় তারাই কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে। পিটার ইনগ্রামই যেমন পাঁচ-ছয় বছর ঘরোয়া ক্রিকেটের রানের বন্যা ছুটিয়ে তার পরই সুযোগ পেয়েছেন দলে।তা হোক, এই নিউজিল্যান্ড দল তার পরও বাংলাদেশকে বাড়তি একটা মানসিক শক্তি দিচ্ছে। আমরা নতুন, ওরাও তো নতুন! প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডের চেয়ে কন্ডিশনকেই বরং বেশি সমীহ বাংলাদেশ দলের। নইলে বাংলাদেশে খেলা হলে এই নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার ঘোষণায় এত জোর আসে কী করে?দুদলের অভিজ্ঞতায় এত কম পার্থক্য যদি নতুন হয়, আরেকটি নতুনের সঙ্গেও বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে এই টেস্ট। এই প্রথম বাংলাদেশের কোনো টেস্টে থাকছে রেফারেল পদ্ধতি। আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি থাকলে সেটি পাঠানো যাবে টিভি আম্পায়ারের দরবারে। অধিনায়কের কাঁধে একটা বাড়তি দায়িত্বও চাপছে এতে। এক ইনিংসে দুটি আপত্তি অগ্রাহ্য হলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তেও আর আপত্তি তোলার সুযোগ থাকবে না। অতি উত্সাহে যেন সেই দুটি সুযোগ নষ্ট হয়, এ জন্য কর্মপদ্ধতিও ঠিক করে নেওয়া হয়েছে। সাকিবের কাছ থেকে জানাও গেল সেটি, ‘দলের সবাইকে বলেছি, হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না হলে যেন কেউ রেফারেল না চায়। ব্যাটসম্যানরা নন স্ট্রাইকারকে জিজ্ঞেস করবে। ফিল্ডিংয়ের সময় আমি মনে করি, উইকেটকিপারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে।’