বাংলাদেশই প্রেরণা আফগানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থহীন এক ম্যাচ। বিদায়ঘণ্টা বেজে যাওয়া দুই দলের লড়াইকে আর কীই-বা বলা যায়। কিন্তু আজ সিডনিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচটা কি একেবারেই অর্থহীন? আজ জিতলে হতাশার এক বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরে যাওয়ার আগে হারানো সম্মানের কিছুই হয়তো ফিরে পাবে না ইংলিশরা। কিন্তু হেরে গেলে? আরেকবার ইংলিশ ক্রিকেটের অন্ত্যেষ্টিক্রিয়া হবে অস্ট্রেলিয়ার মাটিতে। 
উল্টো চিত্র আফগান শিবিরে। ক্রিকেট-স্রষ্টাদের কাছে প্রথম ওয়ানডে লড়াইয়ে হেরে গেলেও কোনো ক্ষতি নেই আফগানিস্তানের। কিন্তু উল্টোটা হলে? আফগান ক্রিকেটের রূপকথায় যোগ হবে সবচেয়ে ঝলমলে অধ্যায়টি। সেই অধ্যায়টি লেখার জন্য অনুপ্রেরণা ও মালমসলা আফগানরা নিচ্ছে বাংলাদেশের কাছ থেকেই। দলটির ইংলিশ কোচ অ্যান্ডি মোলস বলেছেন অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টাই পথ দেখাচ্ছে, ‘আমরা (ম্যাচের) ভিডিও টেপ পেয়েছি। আমরা জানি কী করতে হবে। বাংলাদেশিরা যা করেছে আমরাও চেষ্টা করব সে রকম করার। চেষ্টা করব জায়গামতো বল ফেলে চাপ তৈরি করতে। ফিল্ডিংয়ে হাফ চান্সগুলোকে কাজে লাগাতে হবে। ব্যাটিংয়ে কাউকে এক প্রান্ত ধরে রাখতে হবে। অতিগোপনীয় কিছু তো নেই।’
ইংল্যান্ড যেন পরবর্তী পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে একটি বা দুটি ম্যাচ খেলে সেই অনুরোধও করেছেন মোলস। এএফপি, আইসিসি।