বাংলাদেশই 'লক্ষ্য' আফগানিস্তানের
তিন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে এক স্বাগতিক। এমন সব প্রতিপক্ষ যে টুর্নামেন্টে, সেখান থেকে খুব বেশি কিছু আশা করা বাড়াবাড়ি হয়ে যায় আফগানিস্তানের জন্য। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে সেটা স্বীকারও করলেন আফগানিস্তানের কোচ কবির খান, ‘অন্য সব দল হয়তো টুর্নামেন্ট জিততে এসেছে, আমরা এসেছি শিখতে।’ সঙ্গে যোগ করলেন, ‘তবে ছেলেরা জানে, একটা-দুটো ম্যাচে জয় পুরো আফগান ক্রিকেটকে কেমন বদলে দিতে পারে!’
পাকিস্তানের বিপক্ষে সেই জয় আসেনি। বাকি তিন প্রতিপক্ষের মধ্যে দুই বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে জয়ের স্বপ্ন দেখার সাহস করে উঠতে পারলেন না কবির খান। তাহলে বাকি রইল বাংলাদেশ। আগামীকালই এই বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। টুর্নামেন্টে আসার আগে থেকেই যে ম্যাচটি নিয়ে স্বপ্নের জাল বুনছেন, সেটি জানিয়ে দিলেন কবির খান। এই ম্যাচটার অন্য যে তাৎপর্য, সেটি মনে করিয়ে দিতেও ভুললেন না, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তাদের (বাংলাদেশ) বিপক্ষে খেলব। পরের রাউন্ডে যেতে হলে আমাদের বাংলাদেশকে হারাতে হবে। তাই আমরা আগে থেকেই তাদের ওপর চাপ তৈরি করে রাখতে চাই। টি- টোয়েন্টি ক্রিকেট আমাদের সবচেয়ে পছন্দের ফরম্যাট।’
কাল ফতুল্লায় জিতেও পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক স্বীকার করেছেন, একটা সময় আফগানরা ভয় ধরিয়ে দিয়েছিল তাঁর দলকে। কবির খানের ‘হুমকি’ কি সতর্কবার্তা বাংলাদেশের জন্যও?