বাংলাদেশকে আবারও আফগান চ্যালেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও বাংলাদেশকে হারাতে চান আফগান অধিনায়ক নবী  প্রথম আলো
আবারও বাংলাদেশকে হারাতে চান আফগান অধিনায়ক নবী প্রথম আলো

এশিয়া কাপের স্মৃতি হয়তো ভুলে যেতে চাইবে স্বাগতিকেরা। শূন্যতা ছাড়া আর কিছুই নেই সেখানে। কিন্তু আফগানিস্তান কেন তা ভুলতে চাইবে? প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে জয়টা তো আফগান-রূপকথায় নতুন অধ্যায়।
ওই জয়ই টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরেকটি ‘অঘটন’-এর স্বপ্ন দেখাচ্ছে আফগানদের। কাল সকালে নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী বললেন, ‘বাংলাদেশকে সদ্য এশিয়া কাপে আমরা হারিয়েছি। ওই জয়ের পর আমাদের ছেলেরা বেশ উজ্জীবিত। ইনশাআল্লাহ, আমরা আবারও ওদের হারাব। কারণ দ্বিতীয় রাউন্ডে যেতে তারাই আমাদের বড় বাধা।’
ওয়ানডে আর টি-টোয়েন্টি এক নয়। নবীও সেটি মানছেন। তবে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের শক্তির দিকটাও তুলে ধরলেন একই সঙ্গে, ‘এক দিনের ম্যাচের চেয়ে টি-টোয়েন্টি ভিন্ন ঘরানার। তবে আমাদের দলে অলরাউন্ডার বেশি। আমাদের টিমওয়ার্কও খুব ভালো।’

ট্রফি ছুঁয়ে দেখলেন প্রথমবার বিশ্ব আসরে আসা নেপাল অধিনায়ক পরশ খড়কা   প্রথম আলো
ট্রফি ছুঁয়ে দেখলেন প্রথমবার বিশ্ব আসরে আসা নেপাল অধিনায়ক পরশ খড়কা প্রথম আলো

১৬ মার্চ মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসরের পর্দা উঠবে। গ্রুপে নেপাল ও হংকং থাকলেও এই ম্যাচটির ওপরই নির্ভর করছে কোন দল যাবে দ্বিতীয় রাউন্ডে। এই ম্যাচের আগে আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হল্যান্ডের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা।
অধিনায়কের সংবাদ সম্মেলনের পর আফগানিস্তানের আরও দুই খেলোয়াড় কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে। তাঁদের মধ্যে একজন সামিউল্লাহ শেনোয়ারি, এশিয়া কাপে বাংলাদেশকে হারানোয় যাঁর বড় ভূমিকা। সেই আত্মবিশ্বাসই হয়তো তাঁকে বাংলাদেশের বিপক্ষে আগাম জয়ের ঘোষণা দেওয়ার সাহস জোগাচ্ছে, ‘আমাদের ১০ জন ব্যাটসম্যান। আমাদের সামর্থ্য রয়েছে বাংলাদেশকে হারানোর। ওদের হারিয়েই আমরা দ্বিতীয় রাউন্ডে যাব।’ পাশে বসে উইকেটকিপার-ব্যাটসম্যান আহমেদ শাহজাদও সায় দিলেন তাঁর কথায়, ‘আমাদের দলে সাতজন অলরাউন্ডার। আর টি-টোয়েন্টিতে যেকোনো দিন যেকোনো কিছু হতে পারে।’
জয়ের আগাম ঘোষণা দিলেও বাংলাদেশ সম্পর্কে শ্রদ্ধাবোধও অবশ্য ঠিকই প্রকাশ পেল শেনোয়ারির কথায়, ‘বাংলাদেশ ভালো দল। অনেক দিন ধরে খেলছে। অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে অনেক। তবে আমরা পশতুন, বুক চিতিয়ে লড়ি।’
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ছিলেন না সাকিব ও তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁদের ফিরে পেয়ে নতুন শক্তিতে বলীয়ান বাংলাদেশ। প্রসঙ্গটা উঠতেই শেনোয়ারি জবাব দিলেন, ‘তামিম-সাকিব দুজনেই ভালো ব্যাটসম্যান। তবে তারা তো প্রথম বলেই আউট হয়ে যেতে পারে, তাই না?’ বলেই হা হা করে হাসি।
হংকংয়ের অধিনায়ক জেমি অ্যাটকিনসনেরও সংবাদ সম্মেলন হলো কাল। এই দুজনের আগেই তিনি উচ্চারণ করলেন মুশফিকের নামটি। চট্টগ্রামে ২০ মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সম্পর্কে বললেন, ‘ওরা তিনজনই বাংলাদেশের মূল শক্তি। ওরা যেকোনো দিন যেকোনো কিছু করতে পারে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমরাও বিশ্বাস করি, বাংলাদেশকে হারানো সম্ভব।’