বাংলাদেশকে কাঁদালেন ডি পেরেরা

আতিকুর রহমান মিশু কাঁদছেন অঝোরে। ওয়ালির চোখ ছলছল। নাসির চোখ মুছলেন। মামুনুল উদাস হয়ে পাশেই পাহাড়ের দিকে তাকিয়ে। চোখ দিয়ে পড়ছে বিষাদের অশ্রু। কাঁদলেন প্রায় সব খেলোয়াড়। এমন কান্নার বিকেল কেন যে এল!
মিশু গোল করে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে তাঁর গোলে আনন্দে চিকচিক করছিল বাংলাদেশ দল। সেই মিশু ম্যাচের পর সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়ে বাকরুদ্ধ। চোখ দিয়ে সমানে পানি গড়াচ্ছে।
কিছু ক্ষণ আসে, যা মেনে নেওয়া কঠিন। কালকের এই বিকেলও তেমনই। শ্রীলঙ্কান রেফারির ‘কল্যাণে’ বাংলাদেশের জেতা ম্যাচ হাতের মুঠো থেকে বের করে নিল ভারত। শেষ ১০ সেকেন্ডে ভারত বিতর্কিত ফ্রি-কিক থেকে গোল করায় স্কোরলাইন ১-১, যেটি বাংলাদেশ দলকে পাহাড়ঘেরা হিমালয়ের কোলে হাসতে দিল না শেষ পর্যন্ত!
ম্যাচের পর শ্রীলঙ্কান রেফারি ডি পেরেরার মুণ্ডুপাত চলল সমানে। বাংলাদেশ দলের এক সদস্য তো মাঠে খেলা শেষ করা মাত্রই রেফারির উদ্দেশে চিৎকার করে বলছিলেন, ‘ওই ব্যাটা, ভারতের কাছ থেকে কত টাকা খেয়েছিস, বল? কত টাকা ঘুষ নিয়েছিস?’
খেলোয়াড়েরা তো আর ওভাবে বলতে পারেন না! তাঁদের কান্না ছাড়া উপায় কী? লোডভিক ডি ক্রুইফের মতো শক্ত মনের মানুষও তা দেখে আপ্লুত। সব বাধা তুলে ফটো-সাংবাদিকদের ড্রেসিং রুমে গিয়ে ছবি তুলতে দিলেন। তাঁর আবেগের তারেও যে টোকা পড়েছে ভীষণভাবে। নিজেই দিলেন ড্রেসিং রুমের শোকগ্রস্ত পরিবেশের বর্ণনা, ‘সবাই কাঁদছে। ভয়ানক একটা দৃশ্য দেখে এলাম।’

দল ভালো খেলেছে, ভারতের বিপক্ষে জিততে জিততে রেফারির কুকাণ্ডের খেসারত দিয়ে ১-১-এ ড্র ম্যাচ। রেফারিং বাদ দিলে ডাচ কোচ দলের ঘুরে দাঁড়ানোয় খুশি। চোখেমুখে সেটি বোঝাও যাচ্ছিল। তাঁর কাঠগড়ায় কেবল ওই একজনই—ডি পেরেরা। সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাই হলো শ্রীলঙ্কান রেফারির পক্ষপাতমূলক আচরণ নিয়ে। কোচ রেফারিং নিয়ে প্রথম বাক্যেই ঢেলে দিলেন যাবতীয় ক্ষোভ, ‘শ্রীলঙ্কান রেফারি ডি পেরেরা এবং চতুর্থ রেফারি জর্ডানের মোহাম্মদ তুমা, যিনি নেপালের বিপক্ষে আমাদের ম্যাচে রেফারি ছিলেন, এই দুজন আজ (গতকাল) ধ্বংস করে দিয়েছেন আমাদের।’
এ ধরনের রেফারিং দক্ষিণ এশিয়ার ফুটবল এগিয়ে চলার পথে বড় বাধা, বললেন ডি ক্রুইফ। সঙ্গে টেনে আনলেন গত মার্চে তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়েও বাংলাদেশ দলের এএফসি চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় পর্বে যেতে না পারার প্রসঙ্গ, ‘সব নিয়মের বলি আমরাই হচ্ছি। একটা দল (ব্রুনাই) দুই সপ্তাহ পর নাম প্রত্যাহার করায় আজব এক নিয়মে আমরা যেতে পারিনি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে। আজ (গতকাল) জঘন্য রেফারিংয়ের শিকার হলাম। এটা আসলে মেনে নেওয়া যায় না।’

আগের ম্যাচের চেয়ে এদিন বাংলাদেশ দল ‘দারুণ’ খেলেছে বলে সন্তুষ্ট হলেও কোচের মুখে হাসি নেই। কোনোমতে বলছিলেন, ‘ছেলেরা মাঠে কঠোর পরিশ্রম করেছে। আরেকটু বুদ্ধিমত্তা থাকলে হয়তো আমরা আরও এক-দুটি গোল পেতাম।’ মামুনুলকে ভাসালেন প্রশংসার স্রোতে, ‘ও এক শ ভাগ ফিট না হলেও ইনজেকশন নিয়ে মাঠে নেমেছে। ওর মনটা আসলেই অনেক বড়।’ আর রেফারি যে বাংলাদেশ কোচকে ডাগআউট থেকে বের করে দিলেন! ডি ক্রুইফ এ নিয়ে রসিকতাই করলেন একটু, ‘রেফারির সম্ভবত রাতে ঘুম হয়নি। অথবা বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। শুরু থেকেই তিনি আমাদের জ্বালাতন করছিলেন। এটা-ওটা নিয়ে নানা রকমভাবে আমাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করেন লোকটা।’
বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচ ঘুরিয়ে দেওয়া নিয়মিত অধিনায়ক মামুনুলের (একাদশে অধিনায়ক ছিলেন স্টপার নাসির) মনে বইছিল কষ্টের চোরা স্রোত, ‘আমাকে ফাউল করে উল্টো রেফারি আমার বিরুদ্ধেই বাঁশি বাজিয়ে সব স্বপ্ন শেষ করে দিলেন। এমন বাজে রেফারিং কখনো দেখিনি।’
ক্ষোভের পড়ন্ত বিকেলে বাংলাদেশি মিডিয়া বয়কট করল ভারতীয় কোচের সংবাদ সম্মেলন। পরে ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে জানা গেল, ভারতীয় ডাচ কোচ উইমস কোভারম্যান নাকি বলেছেন, রেফারিং নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এই ম্যাচে ভারত ১০-১২টি গোলের সুযোগ নষ্ট করে নিজেদের দোষেই ড্র করেছে।
গতকাল হওয়া নেপাল-পাকিস্তান ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। বাংলাদেশের সামনে সেমির দরজা তাই খোলাই আছে। তার পরও দুর্ভাগ্যজনকভাবে ভারতের বিপক্ষে জিততে না পারায় বাংলাদেশ দল শুধু আফসোসই করে যাচ্ছে। কাঠমান্ডুর রাতের আকাশও হয়ে উঠেছে ভারী।