বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে দেখছেন সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত আর বাংলাদেশ। ফলাফলটা তো সবার জানাই আছে। পাঁচ উইকেটের দুর্দান্ত এক জয় দিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছিল টাইগাররা। আর লজ্জাজনকভাবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবারও বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে হবে ভারতকে। আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য মুখিয়ে আছে সাকিব বাহিনী। আর আগের বিশ্বকাপের তুলনায় অনেক কিছুই এবার আছে বাংলাদেশের অনুকূলে। প্রথমত, খেলাটা হবে দেশের মাটিতে, চির চেনা কন্ডিশনে। দ্বিতীয়ত, আগের বারের তুলনায় এবারের বাংলাদেশ দলটা অনেক বেশি পরিণত। এবারও যদি একই রকম ফলই আসে, তাহলে হয়তো এটাকে আর ‘অঘটন’ হিসেবে বিবেচনা করা হবে না।তবে এমন কিছুর সম্ভাবনা খুব বেশি না ভাবলেও এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে বেশ ভালো একটা শক্তি, এটা একবাক্যেই স্বীকার করে নিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ‘২০০৭-এ বাংলাদেশের পারফরমেন্সটা ছিল একটা বিস্ময়। আর এবার বিশ্বকাপ শুরুর আগে ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সবার সমীহ আদায় করে নিয়েছে।’ বাংলাদেশকে নিয়ে এভাবেই নিজের ভাবনাটা জানিয়েছেন গাঙ্গুলি। বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়াটাও খুব বেশি দূরের স্বপ্ন বলে ভাবছেন না তিনি। কিন্তু তাঁর মতে, এবারের বিশ্বকাপ মিশনে মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতি বাংলাদেশকে কিছুটা ভোগাতে পারে। তিনি বলেছেন, দেশের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার চাপ সামলে বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফরমেন্স দেখাতে পারাই বাংলাদেশের ক্রিকেটারদের প্রধান চ্যালেঞ্জ। ওয়েবসাইট।