বাংলাদেশকে চ্যালেঞ্জ কাপের ডাক
আগামী মার্চ মাসে বাংলাদেশকে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে হবে, এটা এত দিন জানাই ছিল। টুর্নামেন্টের বাছাইপর্বের ড্র-ও হয়ে গেল গত পরশু। কুয়ালালামপুরে এএফসির দপ্তরে আয়োজিত ড্র-টা বাংলাদেশের জন্য হলো একটু অন্য রকম। গ্রুপের তিন প্রতিপক্ষের মধ্যে আছে অচেনা একটি নাম—নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড। অন্য দুটি দল ফিলিস্তিন ও স্বাগতিক নেপাল। ২ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে পঞ্চম এএফসি চ্যালেঞ্জ কাপ শুরু করবে বাংলাদেশ। ৪ মার্চ নেপাল ও ৬ মার্চ নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এই বাছাইপর্বে খেলা ২০টি দলকে পাঁচ গ্রুপে ভাগ করা হয়েছে। ২০১৪ সালে হবে চূড়ান্ত পর্ব। সেখানে স্বাগতিক মালদ্বীপসহ খেলবে পাঁচ গ্রুপ চ্যাম্পিয়ন আর সেরা দুটি রানার্সআপ। চূড়ান্ত পর্বের যাত্রাপথটা বাংলাদেশের জন্য খুব পিচ্ছিল হওয়ার কথা নয়। আবার প্লেটে সাজিয়ে দেওয়া খাবারও নয় এটা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ফিলিস্তিন-নেপাল। ফিলিস্তিনের ফিফা র্যাঙ্কিং ১৪৮, এশিয়ান র্যাঙ্কিং ২২। নেপালের ১৬৯ ও ৩২। বাংলাদেশের ১৭১ ও ৩৩। ভালো প্রস্তুতি নিলে চূড়ান্ত পর্বের টিকিট পাওয়া অসম্ভব কোনো ব্যাপার হবে না বাংলাদেশের জন্য। ফুটবলারদের ভালো খেলার তাড়নাও গুরুত্বপূর্ণ।বড় বাধা বলতে ফিলিস্তিন। ২০০৬ সালে ঢাকায় এই এএফসি চ্যালেঞ্জ কাপের প্রথম আসরে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে ফিলিস্তিনের সঙ্গে। তবে বাংলাদেশ একই জায়গায় পড়ে থাকলেও ফিলিস্তিন এগিয়েছে। সর্বশেষ চতুর্থ চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনের কাছে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে। সেই ফিলিস্তিন সম্প্রতি প্রদর্শনী ম্যাচে কাতারের সঙ্গে ০-০ ড্র করেছে, ইয়েমেনকে হারিয়েছে ২-১ গোলে।নেপাল একসময় বাংলাদেশের অনেক পেছনে ছিল। সেই নেপাল বেশ উন্নতি করেছে। সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলে বাংলাদেশকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নেপাল। তবে গত ২০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে দুই দেশের জাতীয় দলের প্রীতি ম্যাচটি একপেশে ছিল না (০-০)। নেপালের সঙ্গে চ্যালেঞ্জ কাপে এই প্রথম খেলবে বাংলাদেশ। নিজেরা বাজে খেলে সম্ভাবনা নষ্ট না করলে নেপালকে হারানো উচিত বাংলাদেশের। নবাগত মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে কখনোই খেলেনি লাল-সবুজের দল। এটি প্রশান্ত মহাসাগরের মানচিত্রে একটা বিন্দুর মতো, ১৭৯ বর্গমাইলের দেশটির জনসংখ্যা এক লাখেরও কম। ২০০৯ সালে এএফসির সহযোগী সদস্য হয়েছে। এএফসির পরবর্তী কংগ্রেসে সদস্যপদ পাওয়ার সম্ভাবনা আছে। দেশটির ফুটবল ইতিহাস বলতে তেমন কিছুই নেই। ফিফা ও এএফসির র্যাঙ্কিং তালিকায় দেশটির নাম ওঠেনি এখনো। প্রতিবেশী গুয়ামের সঙ্গে গত সেপ্টেম্বরে ১-১-এ ড্র করেছে মারিয়ানাস কাপে। সবচেয়ে বড় জয় পেয়েছে ১৯৯৮ সালে, প্রতিপক্ষও অচেনা এক দেশ—পালাউ। ব্যবধান ১১-২। ২০০৭ সালে গুয়ামের কাছে দলটি বিধ্বস্ত হয়েছে ৯-০ গোলে। এই হিসাবে বাংলাদেশের সামনে এই পুঁচকে দলের দাঁড়াতে পারারই কথা নয়।এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে ১৫টি। ৬ জয়, ৭ হারের বিপরীতে ড্র দুটি। সেরা সাফল্য ঘরের মাঠে প্রথম প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে ওটা। তাজিকিস্তানের কাছে ৬-১ গোলে হেরে বিদায়। বাকি তিনবারই গ্রুপ পর্বে বিদায়। এবার গন্তব্য হোক চূড়ান্ত পর্ব—এ প্রত্যাশা ফুটবল অঙ্গনের।বাংলাদেশের ম্যাচতারিখ প্রতিপক্ষ২ মার্চ ফিলিস্তিন৪ মার্চ নেপাল৬ মার্চ মারিয়ানা আইল্যান্ড* খেলা হবে নেপালে