বাংলাদেশকে নাচাল কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষেই কোচ নাভিদ আলম জানিয়ে দিয়েছিলেন, পরের ম্যাচটাই যাবতীয় মনোযোগের কেন্দ্রবিন্দু। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে যতটা সম্ভব কম ব্যবধানে হারই ছিল তাঁর চাওয়া। তা বাংলাদেশের পাকিস্তানি কোচের সে আশা পূরণ হয়েছে বলেই মনে হচ্ছে।

কাল সেনহাক স্টেডিয়ামের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বললেন, ‘আমি খুশি। গত বছর এশিয়া কাপে দক্ষিণ কোরিয়ার কাছে আমরা ৯-০ গোলে হেরেছিলাম। এখানে হেরেছি ৭-০ গোলে।’ হ্যাঁ, স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেই গ্রুপপর্ব শেষ করেছে মামুনুর রহমান চয়নের বাংলাদেশ দল। আগামী ৩০ সেপ্টেম্বর সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে তারা ওমানের মুখোমুখি হবে।

আন্তর্জাতিক হকিতে দক্ষিণ কোরিয়ার অবস্থান অষ্টম আর বাংলাদেশের ৩০তম। এই দুই দলের ম্যাচটা কেমন হতে পারে, সেটা অনুমান করতে হকি পণ্ডিত হওয়া লাগে না। কালকের ম্যাচেও অনুমিত চিত্রটাই দেখা গেল। বল ঘুরে বেড়াল কোরিয়ার ঝাং-কাংদের স্টিকের আগায় আগায়। বাংলাদেশের খেলোয়াড়েরা শুধু তাঁদের পেছন পেছন ছুটে বেড়ালেন। কোনো পেনাল্টি কর্নার আদায় করা না গেলেও অবশ্য গোল করার দুটি ভালো সুযোগ এসেছিল। কিন্তু বৃত্তের মধ্যে থেকেও দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে পাওয়া দুটি সুযোগের একটিও কাজে লাগাতে পারেননি পুষ্কর খীসা মিমো।

দক্ষিণ কোরিয়ার জন্য গোলের সুযোগ মানেই ছিল গোল আর গ্যালারির উল্লাস। পাঁচটি পেনাল্টি কর্নারের দুটিকেই তারা গোলে পরিণত করেছে। প্রথম গোল চতুর্থ মিনিটে। বৃত্তের ভেতরে রিভার্স হিটে গোল করেন কিম সংকু। দুই মিনিট পর বৃত্তের মধ্যে রিভার্স হিটেই দ্বিতীয় গোলটা করেন কাং মুনকেওন। কোরিয়ার বিপক্ষে ফলাফল কী হতে পারে, সেটা বাংলাদেশ দলও অনুমান করতে পারছিল। নিয়মিত গোলরক্ষক অসীম গোপকে তাই বিশ্রামে রাখা হয় ওমান ম্যাচের জন্য। কিন্তু ৬ মিনিটের মধ্যে দুই গোল হজমের পর সিদ্ধান্ত বদলান কোচ। ম্যাচের নবম মিনিটে আবু নিপ্পনকে উঠিয়ে পোস্টে দাঁড় করালেন অসীমকে। কিন্তু কোরিয়ার আক্রমণভাগের সামনে সবাই-ই যেন অসহায়! প্রথম কোয়ার্টারে আর গোল না হলেও দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে এক গোল এবং চতুর্থ ও শেষ কোয়ার্টারে আবারও দুই গোল। কোরিয়ার ৭ গোলের দুটি করেছেন ঝাং জংহুন। একটি করে গোল করেছেন কাং মুন কেওন, ওহ দেকুন, ইও হিওসিক, কিম সংকু এবং ন্যাম হিউনউ।

ম্যাচ শেষে কোচ নাভিদ আলমের কথাবার্তা শুনে মনে হলো, ৭-০ গোলে হারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন তিনি। এতগুলো গোল খেয়েও খেলোয়াড়েরা যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, তাঁর চোখে সেটাই বড় ঠেকছে। সঙ্গে যদিও বলেছেন, ‘দু-একটা গোল অপ্রত্যাশিত ছিল। তা ছাড়া আমরা ছয়-সাতবার প্রতিপক্ষের গোলে আক্রমণ চালিয়েছি। এর অন্তত ৫০ ভাগ সফল হওয়া উচিত ছিল।’

ইনচন এশিয়ান গেমসে কাল পর্যন্ত বাংলাদেশ ৩ গোল দিয়ে খেয়েছে ২১টি। যদিও কোচের দাবি, ২১ গোল খেলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি হয়েছে, ‘প্রতিটি ম্যাচ শেষেই ছেলেদের আত্মবিশ্বাস একটু একটু করে বেড়েছে।’ এ ধারাবাহিকতা ওমানের বিপক্ষেও থাকবে বলে আশা নাভিদ আলমের, ‘এশিয়ান গেমসের বাছাইয়ে আমরা ওমানকে ৬-১ গোলে হারিয়েছি। আমরা তাদের দুর্বলতা, তারা কী কৌশলে খেলে, সবই জানি। তারা বাংলাদেশের চেয়ে ভালো দল নয়। ইনশাআল্লাহ, ওমানের বিপক্ষে ম্যাচে আমরাই জিতব।’

সেটা হলে অন্তত এটুকু দাবি করা যাবে যে, গত এশিয়ান গেমসের চেয়ে এবার ভালো করেছে বাংলাদেশ। গতবার অবস্থান ছিল অষ্টম, ওমানকে হারাতে পারলে এবার সপ্তম হওয়া যাবে।