বাংলাদেশকে নিয়ে ফুলটনের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্যারিয়ারের বয়স সাত বছর হয়ে গেল। অথচ উপমহাদেশে টেস্ট খেলার রোমাঞ্চ গায়ে মাখার সুযোগ হয়নি কখনোই। আসন্ন বাংলাদেশ সিরিজটি তাঁর সামনে খুলে দিচ্ছে সেই দুয়ার। উপমহাদেশে প্রথম টেস্ট খেলতে পারবেন ভেবে বাংলাদেশ সফর নিয়ে রোমাঞ্চিত পিটার ফুলটন।
উপমহাদেশে টেস্ট খেলা দূরে থাক, উপমহাদেশের দেশগুলোর মধ্যে ফুলটন টেস্টই খেলেছেন বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে, ২০০৮ সালে নিজেদের মাটিতে। ওই বছরেরই শেষ দিকে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। ২০১০ সালে বাংলাদেশ যায় নিউজিল্যান্ডে। কিন্তু দুবারই ফুলটন ছিলেন দলের বাইরে। ২০০৯ সালে সর্বশেষ ওয়ানডে খেলা ফুলটনের ক্যারিয়ারের লেখচিত্রটাই এমন। দলে ফেরার লড়াই করেই বয়ে যাচ্ছে বেলা। সাত বছরে খেলেছেন মাত্র ১৫টি টেস্ট! ২০০৯ সালে ছিটকে পড়ার পর তো ডাকই পাচ্ছিলেন না।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গত বছর যাও-বা দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ডাক পেলেন, কিন্তু আবারও ছিটকে পড়লেন চোটের কারণে। তবে গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরে ফুলটন টেনে আনেন ঘরোয়া ক্রিকেটে সাফল্যের ধারা। দুটি সেঞ্চুরিসহ পাঁচ ইনিংসে ৬৯.৪০ গড়ে ৩৪৭ রান করে ইঙ্গিত দেন, এবার দলে স্থায়ী হতেই এসেছেন। মে মাসে ইংল্যান্ডে ফিরতি সিরিজে অবশ্য ভালো করতে পারেননি। চার ইনিংস করেছেন মাত্র ৩৬ রান!
তার পরও টিকে গেছেন বাংলাদেশ সফরের টেস্ট দলে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ৩৪ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যানের আশা, অভিজ্ঞতার ভান্ডারটা একটু সমৃদ্ধ করবেন। নিউজিল্যান্ড হেরাল্ডকে সেই স্বপ্নের কথাই বলেছেন সতীর্থ ডিন ব্রাউনলির সঙ্গে পুরোনো এক উইকেটে প্রস্তুতি নেওয়া ফুলটন, ‘ভালো দল, ভালো খেলোয়াড়েরা যেকোনো কন্ডিশনেই নিজেদের মানিতে নিতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভবত এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের যেখানেই যাবেন, আলাদা কন্ডিশন, ভিন্ন ধরনের বোলিং আক্রমণ পাবেন। এ কারণেই এটা এতটা উত্তেজনাপূর্ণ। সব সময়ই নতুন কিছুর সঙ্গে আপনার পরিচয় হবে।’
সামনে কিউইদের ব্যস্ত সূচি। বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। এরপর জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজ, ওই সিরিজের দলে জায়গা করে নেওয়াই তাঁর লক্ষ্য। ‘আশা করি ওটাই হবে’—বলেছেন ফুলটন। ওয়েবসাইট।