সেই মালয়েশিয়া, প্রতিপক্ষও সেই দক্ষিণ কোরিয়া। শুধু চার বছর আগের কুয়ানতানের জায়গায় বসিয়ে নিন ইপোহ। স্কোরবোর্ডেও কোনো হেরফের নেই।টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ২০০৯ এশিয়া কাপের মতো কালও ৯-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশকে। শেষ তিন মিনিটে বাংলাদেশ হজম করল তিন গোল। নীল টার্ফ আর হলুদ বলে বাংলাদেশের খেলোয়াড়দের প্রথম অভিজ্ঞতাটা হলো দুঃস্বপ্নের মতো। ম্যাচ শেষে নীল টার্ফটা বাংলাদেশের খেলোয়াড়দের নীল বেদনার সঙ্গে মিশে গেল।তিনবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখে না। কোচ নাভিদ আলমের কৌশল ছিল রক্ষণ সামলে পারলে পাল্টা-আক্রমণে গোলের চেষ্টা। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক খেলা কোরিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ম্যাচের চার মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল-উৎসবের সূচনা করেন ইয়ো সং-সিক। এরপর সময়ের সঙ্গে গোলের সংখ্যাও বেড়েছে। তিনটি গোল করেছেন জাং জিয়ং হিউন। দুটি করে হিউই হাই সাং। প্রথমার্ধে ৪-০-তে অগ্রগামী কোরিয়া দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক করেছে আরও পাঁচ গোল। শেষ তিন মিনিটে গোল করেছেন জাং জিয়ং হিউন, লি সাং, কিম ইয়ং-জিন।জিমি-চয়নরা সারাক্ষণ বলের পেছনে দৌড়েছেন। ৭৯ শতাংশ বল দখলে ছিল কোরিয়ার, ২১ শতাংশ বাংলাদেশের। গোলমুখে ২১ বার হিট করেছে কোরিয়া, বাংলাদেশ মাত্র ২ বার! পেনাল্টি কর্নার বাংলাদেশের বড় অস্ত্র, কিন্তু একটি পেনাল্টি কর্নারও আদায় করা যায়নি। অথচ পুরো ম্যাচে ১৪টা পেনাল্টি কর্নার আদায় করে ৪টিতেই গোল করেছে কোরিয়া। বাংলাদেশের গোলরক্ষক জাহিদ হোসেন দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন প্রথমার্ধে। সেই তুলনায় শেষ দিকের গোলগুলো হজম করেছেন পোস্টে দাঁড়িয়ে থেকে। টুর্নামেন্টের শুরুতেই এমন হারে হতাশ অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)। ফেসবুকে জানালেন, ‘এভাবে হারব, মোটেও ভাবিনি।’ নীল টার্ফে খেলার অভিজ্ঞতা নেই বলেই এই বড় পরাজয়? তাঁর উপলব্ধি, ‘নীল টার্ফে বড় দলের সঙ্গে অন্তত পাঁচটা ম্যাচ খেলা উচিত ছিল আমাদের।’দেশসেরা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে কোচ কাল মাঝমাঠে খেলিয়েছেন। বেশ কয়েকটি ভালো বল বানিয়ে দিয়েছিলেন কৃষ্ণকে। কিন্তু কৃষ্ণ স্টিকেই লাগাতে পারেননি। জিমি প্রচণ্ড হতাশ, ‘কী বলব! বলার কোনো ভাষা নেই। কোচ যেভাবে বলেছেন আমি সেভাবেই খেলেছি। তবে গোল একটু বেশিই হয়ে গেছে। শেষ তিন মিনিটে আমরা বাজেভাবে গোল খেয়েছি।’গ্রুপে ওমানের বিপক্ষেই বাংলাদেশের জয়ের আশাটা বাস্তব। আজ ওমানের বিপক্ষে সেটাই প্রত্যাশা জিমির, ‘আশা করি, আজ ওমানের বিপক্ষে জিততে পারব।’ মালয়েশিয়া থেকে টেলিফোনে কোচ নাভিদ আলম দায় চাপালেন খেলোয়াড়দের ওপর, ‘ছেলেদের যেভাবে বলেছিলাম, মাঠে সেভাবে খেলতে পারেনি। ৫-৬ গোল হলে ঠিক ছিল। তবে এসব নিয়ে ভাবছি না। আমাদের কিছু হারানোর নেই। এসব ভুলেই ওমানের বিপক্ষে খেলতে হবে।’