বাংলাদেশকে নিয়ে খেলল জর্ডান
পরশু ম্যাচ শুরুর সংবাদ সম্মেলনে জর্ডানের কোচ মাহের আবু হান্ডোস জানিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে তারা মোটেও চিন্তিত নন। কাল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই ভালোভাবে বুঝিয়ে দিলেন সেটা। জর্ডানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ, ৬-১ গোলে উড়ে গেল স্বাগতিকেরা। দিনের প্রথম ম্যাচে ইরানের ফারহাদির মতো হ্যাটট্রিক করলেন জর্ডানের শাহনাজও।বাংলাদেশের মেয়েদের দলটিকে দেড় মাস অনুশীলন করিয়েছেন কোচ গোলাম রব্বানি (ছোটন)। অথচ ম্যাচের আগের দিন দায়িত্ব পেলেন মাহমুদ ইসলাম (বাবু)। টুর্নামেন্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। অথচ অন্যসব দল এসেছে প্রস্তুতি ম্যাচ খেলে। তবে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। ম্যাচের ৮ মিনিটে সাবিনা খাতুনের গোলে এগিয়ে থাকা বাংলাদেশ এর পর শুধু পিছিয়েই পড়ল না, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সারা মাঠ দাপিয়ে খেলল জর্ডানের মেয়েরা। ৩১, ৬৪ ও ৯০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করলেন শাহনাজ। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জর্ডানের অধিনায়ক আয়াহ। ৪২ মিনিটে গোল করেছেন মেসাম, ৭৫ মিনিটে সাতাহ।বাংলাদেশ দলের কোচ মাহমুদ হারের জন্য প্রস্তুতি ম্যাচের অভাবকেই দায়ী করলেন, ‘আমাদের মেয়েরা একদমই প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। সেই সমস্যাটা বড় করে দেখা দিয়েছে।’ তবে দাপুটে জয়ে খুশি জর্ডান কোচ আবু হান্ডোস, ‘আমাদের মেয়েরা খুবই ভালো খেলেছে। আমরা এখন পরের ম্যাচ নিয়েই ভাবছি।’আগামীকাল ইরানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।