বাংলাদেশকে নিয়ে ডি ক্রুইফের চ্যালেঞ্জ
জাতীয় দলের কোচ হিসেবে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর এই কথাগুলো বাংলাদেশেও বলেছেন লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশের ফুটবল নিয়ে তাঁর লক্ষ্যের কথা ডাচ কোচ বলে বেড়াচ্ছেন বিশ্বদরবারেও। সম্প্রতি ফিফা ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুইফ বলেছেন, বাংলাদেশের ফুটবলের ভিত্তিটা গড়ে দিতে চান ডাচ-দর্শনে।বিশ্ব ফুটবল মানচিত্রে বাংলাদেশ ছোট্ট এক বিন্দুর মতো। পরাশক্তি হল্যান্ডের সঙ্গে পার্থক্যটা আকাশ-পাতাল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ের বাংলাদেশের (১৬৮) চেয়ে ১৬০ ধাপ ওপরে ক্রুইফের দেশ হল্যান্ড (৮ম)। সবকিছু জেনেশুনেই চ্যালেঞ্জটা নিয়েছেন ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টার। ৪৩ বছর বয়সী ক্রুইফ যেমন বলছেন, ‘বাংলাদেশের মতো ফুটবলে উন্নয়নশীল দেশের কোচিং করানোটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার—বাংলাদেশের ফুটবলটাকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া। আর এটা অর্জনের পথে আমরা শুরু করব ডাচ দর্শনে, মনোযোগ দেব খেলাটির পদ্ধতি এবং শৃঙ্খলার দিকেই। আমরা তাদের চিন্তা এবং কাজ—দুই ক্ষেত্রেই পেশাদারির উন্নতির চেষ্টা করব।’ক্রুইফের সহকারী, একই সঙ্গে ট্রেনিং কোচ এবং যুব একাডেমির কোচ কোস্টারের কথা, ‘আমাদের লক্ষ্য হলো, ডাচ স্টাইলকে খেলোয়াড়দের মননে ঢুকিয়ে দেওয়া। যার অর্থ, ভালো বল পজেশন, নিচে থেকে খেলাটা তৈরি করা, ছন্দোবদ্ধ নিয়ন্ত্রণে গোল করা, মাঠে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং জয়ের আকাঙ্ক্ষা তৈরি করা।’ ওয়েবসাইট।