বাংলাদেশকে পাওয়ার আশা ছাড়েনি পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। দুটি টি-টোয়েন্টির ছোট্ট সফরে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ২৯ ও ৩০ এপ্রিল লাহোরে হওয়ার কথা ছিল ম্যাচ দুটি। ৭০ পাতার একটি নিরাপত্তা পরিকল্পনা আইসিসির কাছে পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে যায় সব আয়োজন, পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দেন বাংলাদেশের উচ্চ আদালত। চার সপ্তাহ পেরিয়ে গেছে সেই কবে, কিন্তু সফর আর হয়নি। তবে আশা ছাড়েনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি প্রধান জাকা আশরাফ জানালেন, বাংলাদেশ, ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা।পাকিস্তান অল স্টার ও আন্তর্জাতিক একাদশের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখতে পরশু করাচি গিয়েছিলেন আশরাফ। সিন্ধুর প্রাদেশিক সরকার আয়োজিত ম্যাচ দুটিকে এমনিতে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি পিসিবি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। ব্রায়ান লারা সিরিজটায় খেলেননি স্রেফ পিসিবির স্বীকৃত ছিল না বলে। বাকি ক্রিকেট-বিশ্বের কাছে পিসিবি ভুল বার্তা দিচ্ছে বলেও কড়া সমালোচনা করেছেন সাবেক আইসিসির প্রধান এহসান মানি। ২০ অক্টোবর প্রথম ম্যাচে দর্শক উন্মাদনা আর ক্রিকেট-বিশ্বে প্রচার দেখে হয়তো ভুলটা বুঝতে পেরেছে পিসিবি। পরশু দ্বিতীয় ম্যাচে তাই মাঠে হাজির আশরাফ।স্বীকৃতি না দিলেও ম্যাচ দুটো আয়োজনের সাফল্যকে সামনে এগিয়ে যাওয়ার পাথেয় মানছেন আশরাফ, ‘স্বীকৃত না হলেও ম্যাচ দুটো সামনে এগিয়ে যাওয়ায় বড় একটা পদক্ষেপ। এই আয়োজনে পিসিবির সমর্থন ও উৎসাহ ছিল। আর ম্যাচ দুটোতে দর্শক আগ্রহ ছিল বিপুল, যেটা খুব ভালো লক্ষণ।’পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের দুধের স্বাদ তো ঘোলে মিটল। আশরাফের আশাবাদ, সত্যিকারের আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। এখানেই এল বাংলাদেশের নাম, ‘আন্তর্জাতিক ক্রিকেটের কথা যদি বলতে হয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলছে। নতুন বছরের শুরুতেই হয়তো আমরা খুব ভালো একটি খবর দিতে পারব। আরও দুটি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলছে, তবে এখনই নাম প্রকাশ করতে চাইছি না। আমরা তাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছি। আমি নিশ্চিত, সেই দিনটি খুব বেশি দূরে নয় যখন করাচি, লাহোর ও অন্যান্য শহরে আবার আন্তর্জাতিক ক্রিকেট উৎসবে মাতবে।’দর্শক উন্মাদনা যথারীতি ছিল দ্বিতীয় ম্যাচেও। আগের দিনের মতো পরশুও তিল ধারণের ঠাঁই ছিল না করাচির জাতীয় স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ৮৪ রানে জয়ী পাকিস্তান অলস্টার এই দিন জিতেছে ছয় উইকেটে। শহীদ আফ্রিদি নন, দ্বিতীয় মাচে স্বাগতিকদের নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক। টস হেরে ব্যাটিংয়ে নামা আন্তর্জাতিক একাদশ ৮৫ রানে হারিয়েছিল নয় উইকেট। আসাদ শফিক, ইমরান নাজিরদের বোলিংয়ে শেষ ব্যাটসম্যান ন্যান্টি হেওয়ার্ড ১৬ বলে ৪২ রান করে দলকে এনে দেন ১৪২ রান। আবারও নাজির-শাহজাইবের ব্যাটিং ঝড়ে উড়ে যায় আন্তর্জাতিক একাদশ। আগের ম্যাচে ৬ ওভারে ৮৩ রানের ওপেনিং জুটি গড়া এই দুজন পরশু ৮৭ তোলেন ৭ ওভারে। ৩৩ বলে ৫৩ করে ম্যাচ-সেরা নাজির, শাহজাইব করেন ১৯ বলে ৩৯। দুটো ম্যাচেই খেলা সাবেক দক্ষিণ আফ্রিকা পেসার আন্দ্রে নেল নিরাপত্তাব্যবস্থায় দারুণ সন্তুষ্ট, ‘পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আমার মনে হয় ওদের এত লম্বা সময় বঞ্চিত করা উচিত হবে না। নিরাপত্তা নিয়ে খুব বেশি শঙ্কার কিছু দেখছি না। উষ্ণ আতিথেয়তা পেয়েছি আমরা।’ এএফপি, ওয়েবসাইট।