বাংলাদেশকে প্রতিভার প্রমাণ মাঠে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

টুর্নামেন্টের দারুণ গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। পরিস্থিতিটা এমন, দুই দলই যেকোনো মূল্যে জিততে চাইবে। জয় পেলে বেঁচে থাকবে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের আশা। পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া আদর্শ ব্যাটিং করেছে, বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েল তো ছিল অসাধারণ। সাম্প্রতিককালে আর কাউকে এমন পরিষ্কার মারতে খুব একটা দেখিনি। ম্যাচটা অস্ট্রেলিয়ার জেতা উচিত ছিল, কিন্তু লোয়ার অর্ডার পাকিস্তানের বোলিং আক্রমণের কাছে আত্মসমর্পণ করেছে। অস্ট্রেলিয়ার পেস বোলিং খুবই শক্তিশালী, কিন্তু তাদের সাফল্য নির্ভর করবে স্পিনের ওপর। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হয়তো তাদের একজন স্পিনার বেশি নিয়ে নামতে হবে। টি-টোয়েন্টি সংস্করণের জন্য অস্ট্রেলিয়ার প্রথম চারজন সেরাদের অন্যতম। যদি ওয়ার্নার-ওয়াটসনরা শুরুতে একটু বেশি সময় থাকতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের জন্য সেটি বিশাল চাপ হয়ে দাঁড়াবে।
ওয়েস্ট ইন্ডিজ আজ জিততে না পারলে বাকি টুর্নামেন্টে তাদের দর্শক হয়ে থাকতে হবে। সে ক্ষেত্রে গ্রুপের প্রথম দুটি স্থানের জন্য দৌড়ে থাকবে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে ক্রিস গেইলকে সবাই যেভাবে চেনে, ও সেই ফর্মে নেই। মিরপুরের পিচের ধরনটা এমন যে, গেইল ‘অন দ্য আপ’ মারার সুযোগ খুব একটা পাচ্ছে না। অন্য রকম কিছু একটা করতে হবে তাই গেইলকে। টি-টোয়েন্টি ক্রিকেটে ও পুরো ২০ ওভার ব্যাট করার জন্য খেলে, কিন্তু ইদানীং সে একটু বেশি সময় নিয়ে ফেলছে। তাকে হয়তো নিজের ভান্ডার থেকে সুইপ শটটা বের করতে হবে। যাতে আউট হওয়ার ঝুঁকিটা কম থাকে, সেই সঙ্গে স্কোরিং রেটও বাড়ে।
ভারত এমন একটা দলের সঙ্গে খেলছে, যারা গত কিছুদিনে খুব ভালো ক্রিকেট খেলতে পারছে না। আর সত্যি কথা বলতে কী বাংলাদেশের ফিল্ডিং একদমই আন্তর্জাতিক মানের হচ্ছে না। তারা অনেক বেশি ভুল করছে। যদি ভারতের সঙ্গেও এ রকম হয়, তাহলে তাদের অনেক ভুগতে হবে। কাগজে-কলমে বাংলাদেশের দলে প্রতিভা আছে। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করতে হলে মাঠে পারফর্ম করে দেখাতে হবে। ভারত এই ম্যাচে পরে বোলিং করার সুযোগ নিতে পারে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তারা শুকনো বলে আগে বোলিং করেছে। খেলার দ্বিতীয় ভাগে যখন অনেক বেশি শিশির থাকে, ভারতের বোলাররা ভেজা বলে কেমন করে সেটা দেখার বিষয়।
যুবরাজের জন্য এটা হতে পারে ফর্মে ফেরার ভালো একটা সুযোগ। ভারতের টিম ম্যানেজমেন্ট যদি যুবরাজকে আগে ব্যাট করতে পাঠায়, তবে সেটা হবে দারুণ। রায়না ও কোহলি ভালো ফর্মে আছে। সেই সঙ্গে যুবরাজও যদি ফর্মে ফিরে পায়, তাহলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হবে।