বাংলাদেশকে ফিদের লজ্জা
পরশু রাতে ফিদের ওয়েবসাইটে ঢুকে দাবাড়ু আবু সুফিয়ান (শাকিল) হতভম্ব। বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থায় অন্যান্য দেশের খেলোয়াড়দের রেটিং পয়েন্ট থাকলেও বাংলাদেশের দাবাড়ুদের কোনো রেটিং পয়েন্ট নেই। রেটিং পয়েন্টের ঘরটা একবারেই ফাঁকা! কারণ জানতে চেয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইল করেন ফিদে রেটিং কর্মকর্তাকে। কাল সকালেই পেয়ে যান উত্তর। ফিদের বার্ষিক চাঁদা না দেওয়ায় বাংলাদেশের ফিদে সদস্যপদ স্থগিত করা হয়েছে। স্থগিত দাবাড়ুদের রেটিং পয়েন্টও। এর মানে, চাইলেই এখন বাংলাদেশের কোনো দাবাড়ু আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারবেন না।এই দুঃসংবাদ শুনে খুবই কষ্ট পেয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। বললেন, ‘ফিদের ফিস না দিলে রেটিং পাবলিশড হয় না, এটা সত্যি। কিন্তু যা-ই হোক, এমনটা কেন হবে?’ বর্তমান আহ্বায়ক কমিটির একের পর এক ব্যর্থতায় খুবই হতাশ নিয়াজ ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, ‘এদের কার্যক্রমে মোটেও খুশি নই। আমি চাই, দাবা ভালো অবস্থানে ফিরুক। তাই জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাঁর হস্তক্ষেপে হয়তো এই ক্রান্তিকাল থেকে বেরিয়ে আসতে পারব।’গত মাসে ভুবনেশ্বরে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবায় নিজেই অংশ নিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন। এরপর ফিদের ফি নিয়ে এমন জটিলতা! আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দাবার ভাবমূর্তি একেবারেই তলানিতে নেমে যাচ্ছে বলে মনে করেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ‘এমন ঘটনা আমাদের জন্য খুবই লজ্জাজনক। কোনো ফেডারেশনকে লজ্জা দিতেই এ কাজটা ফিদে করে। আমরা শুরু থেকেই বলে আসছি, এই কমিটি এমন কাজই করবে এবং সেটাই করে যাচ্ছে। এই সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার কোনো যোগ্যতা নেই।’ ফেডারেশন সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন প্রথমে স্বীকারই করতে চাইলেন না বিষয়টা। মনে হলো তিনি যেন আকাশ থেকে পড়েছেন, ‘কে বলেছে এসব কথা?’ পরে বললেন, ‘হ্যাঁ। জুন ক্লোজিং চলছে তো, এ জন্য হয়তো আমাদের কাছে ফিদের কিছু পাওনা থাকতে পারে। তবে আমরা ব্যাংকে যোগাযোগ করছি। আগামীকালই সব টাকা পরিশোধের চেষ্টা করব।’