বাংলাদেশকে বিপজ্জনকই ভাবছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার দিনটিতেই বেজে উঠছে যেন এশিয়া কাপের বাঁশি। শ্রীলঙ্কা তো এখানে আছেই, বাকি তিন দলের মধ্যে সবার আগে আজ চলে আসছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতবারের শিরোপাজয়ী অধিনায়ক মিসবাহ-উল-হকের নেতৃত্বে আজ সন্ধ্যায় ঢাকায় পা রাখার কথা পাকিস্তান দলের। ২৫ ফেব্রুয়ারি ফতুল্লায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
কাল লাহোরে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে শিরোপা ধরে রাখার ব্যাপারে মিসবাহকে বেশ আত্মবিশ্বাসী শোনাল, ‘আমার মনে হয় সব দলই ফেবারিট। কিন্তু আমরা একটু এগিয়ে আছি, কারণ গত দুটি ওয়ানডে সিরিজে আমরা জিতেছি।’ গত ডিসেম্বরে শ্রীলঙ্কার সঙ্গে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। তার আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতে এসেছে ২-১ ব্যবধানে। মিসবাহর ব্যাখ্যা, ‘আমরা ভালো খেলছি। গত দুটি সিরিজ জেতার পর আমাদের কম্বিনেশনও এখন ভালো। আর যখন আপনি জিততে থাকবেন তখন আপনার আত্মবিশ্বাসটাও অনেক বেশি থাকবে। আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে।’
তবে নিজেদের অগ্রগামী ভাবলেও বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন পাকিস্তান অধিনায়ক, ‘নিজেদের হোম কন্ডিশনে বাংলাদেশ খুবই বিপজ্জনক হবে। গত এশিয়া কাপে ওরা ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়েছে। এই দুই দলও অবশ্য কম বিপজ্জনক নয়।’
কিন্তু বয়স তো ৪০ হতে চলল। বুটজোড়া কখন তুলে রাখবেন? পাকিস্তান অধিনায়ক একটু বিরক্তই হলেন, ‘আমি জানি না মানুষ আমার পেছনে কেন লেগেছে। যত দিন খেলব দায়বদ্ধতা নিয়েই খেলে যেতে চাই।’ তথ্যসূত্র: এএফপি।