বাংলাদেশকে ভুলবেন না ওয়েডসন

সন্ধ্যা নেমে এসেছে। গমগমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ খালি হচ্ছে। দল নিয়ে অনুশীলনে ক্ষান্তি দিয়ে শেখ জামাল কোচ স্টিফান হ্যানসন কী যেন বলছেন কর্মকর্তাদের সঙ্গে। ঠিক এই সময়ই সাইকেল চালিয়ে মাঠে ঢুকলেন তিনি। আবছা অন্ধকারে কাছে যেতেই সাইকেল থেকে নামা লম্বা শরীরটা চেনা গেল। ওয়েডসন আনসালমে!
অনেক দিন ধরেই ‘চলে যাব’, ‘চলে যাব’ করতে করতে পরশু শেখ জামালের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েই গেছে ওয়েডসনের। তাই কাল বিকেলে দল অনুশীলনে নামলেও হাইতিয়ান গোলমেশিন পাশেই ফ্ল্যাটে বাড়ি ফেরার ব্যাগ গোছাচ্ছিলেন। তবে এক কর্মকর্তার ফোনে সাংবাদিক এসেছেন শুনে পাঁচ মিনিটের মধ্যেই ক্লাবে হাজির।
একটু কি মুক্তির আনন্দে আছেন? থাকারই তো কথা। গত আগস্টের প্রথম দিকে চট্টগ্রামের হোটেলে বসে দিচ্ছিলেন তাঁর জীবনে হাজারো সমস্যার ফিরিস্তি। তিন বছরের শিশুপুত্র নিয়ে স্ত্রী নাকি বিচ্ছেদ চান, এমনকি মামলাও ঠুকেছেন স্ত্রী। এসব নিয়ে দিশেহারা ছিলেন ওয়েডসন, ‘বিচ্ছেদ চাই না আমি।’ তাই সেদিন একনিশ্বাসে বলে যান, ‘দুই মৌসুম তো শেখ জামালে খেললাম, অনেক সাফল্য দিলাম ক্লাবকে। কিন্তু এবার ওরা আমাকে জোর করে এনেছে।’
কিন্তু আড়াই মাস পর সেই ওয়েডসনের কণ্ঠে ঝাঁজটা আর নেই। বোঝাই যাচ্ছে না এমেকা ও ল্যান্ডিং মিলে শেখ জামালের আক্রমণভাগকে ইনিই দিয়েছেন ক্ষুরধার চেহারা। মাঠের সেই আক্রমণাত্মক মেজাজ কোথায় যে হারাল! কণ্ঠে বরং আকুলতা, ‘ভাবছিলাম, ক্লাব হয়তো বলবে লিগের দ্বিতীয় পর্বটা খেলে যাও। কিন্তু পরশু ক্লাব প্রেসিডেন্টের অফিসে গেলে একজন বলল, “প্রেসিডেন্ট তোমার যাওয়া অনুমোদন করেছে।” ওরা ছাড়পত্রও দিয়ে দিয়েছে আমাকে।’
ওয়েডসন একটু থামেন। তারপরও আবছা অন্ধকারে সামনের বিস্তীর্ণ মাঠের দিকে তাকান, ‘আমি বলেছি, টিকিট আর এ মাসের বেতনটা দিয়ে দাও, চলে যাব। পরক্ষণে বলেন, ‘ঢাকার কোনো ক্লাব প্রস্তাব দিলে থেকে যাওয়া বিবেচনা করব।’ যদিও কোনো ক্লাবের প্রস্তাব নেই তাঁর কাছে। আগেরবার শোনা গিয়েছিল, কলকাতা ইস্ট বেঙ্গলে যাবেন। কিন্তু যাওয়া হয়নি। কলকাতা মোহনবাগানে আছেন হাইতি জাতীয় দলে একসময় তাঁর সতীর্থ সনি নর্দে, যাঁর হাত ধরেই তাঁর বাংলাদেশে আসা। সেই নর্দের সঙ্গে দুদিন আগে কথা বলে অবশ্য নতুন কোনো আশা বা প্রস্তাব পাননি।
আপাতত তাই দেশে ফিরবেন। সঙ্গে নিয়ে যাবেন এবার লিগে দুই ম্যাচ পর এসে প্রথম পর্বে ৯ গোল, গত লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ গোল করার সুখস্মৃতি। তবে এসব ছাপিয়ে ওয়েডসন বেশি মনে রাখবেন বাংলাদেশে তাঁর প্রথম লিগটি। ২৭ ম্যাচের লিগে ২৬ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। সেবার কানের পাশ দিয়ে গুলি গেছে সালাম মুর্শেদীর। ১৯৮২ সালের লিগে সালামের সেই ২৭ গোলের রেকর্ড অল্পের জন্যই অক্ষত রইল। রেকর্ডটা ভাঙতে পারলে বাংলাদেশের ফুটবল ইতিহাসেই নাম উঠে যেত ওয়েডসনের।
সেটি ওঠেনি বলে হতাশা নেই। বরং বিদায়বেলায় বলছেন, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়িই হয়ে গেছে। এ দেশকে কখনোই ভুলব না। কিন্তু এখন যেতে হবে, এটাই আসলে জীবন। শেখ জামাল আমার অবদান ভুলে গেছে।’ তবে শেখ জামাল কর্মকর্তা আশরাফউদ্দিন চুন্নু মানতে পারলেন না ওয়েডসনের অনুযোগ, ‘ক্লাব ওকে রাখতেই চাইছিল। কিন্তু পারিবারিক সমস্যার কথা বলে ঘ্যানঘ্যান করছিল চলে যেতে। ওর খেলায় মন নেই। গত দুটি ম্যাচ আমরা হারলাম ওর মনোযোগের অভাবেই। ঠিকমতো অনুশীলন করে না!’
এটা দৃশ্যমান কারণ হলেও শেখ জামালের আর্থিক সংকট যাচ্ছে, এ-ও সত্য। ওয়েডসন পেতেন মাসে আট হাজার ডলার। সম্প্রতি তা হয়েছে নয় হাজার ডলার। ল্যান্ডিং ও এমেকার মাসিক পারিশ্রমিক সাত হাজার ডলার করে। এই তিনজনের পেছনে মাসে ২২-২৩ হাজার ডলার খরচ, তবু ক্লাব ওয়েডসনকে রাখতেই চেয়েছিল, বলছেন চুন্নু।
তবে কারণ যা-ই হোক, ওয়েডসনকে হারানো মানে শেখ জামালের শক্তি অনেকটাই ক্ষয়। ২০১৩ সালের ১৮ আগস্ট প্রথম ঢাকায় এসে গত দুটি লিগেই চ্যাম্পিয়ন করেছেন দলকে। দুটি ফেডারেশন কাপ জিতিয়েছেন, দুটির একটিতে সর্বোচ্চ গোলদাতা, দুটির ফাইনালে সেরা খেলোয়াড়। ভুটানে কিংস কাপ জয়, কলকাতার আইএফএ শিল্ডে চোখ কেড়ে হয়ে ওঠেন ক্লাবটির আশার প্রতীক। সেই ওয়েডসনকে হারিয়ে শেখ জামালের যেন একটা ডানাই ভেঙে পড়ল!