বাংলাদেশকে ভোলেননি তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাংবাদিক বলতেই যেভাবে জড়িয়ে ধরতে গিয়েছিলেন, এতেই পরিষ্কার এই দেশ তাঁর কাছে কতটা প্রিয়। তবে শুধু তাৎক্ষণিক উচ্ছ্বাসেই নয়, বলে দিলেন মুখেও, ‘আমার জীবনের অন্যতম সেরা দুটি বছর কাটিয়েছি বাংলাদেশে। ওই দেশ আমার হূদয়ের খুব কাছাকাছি।’মাত্র দুই বছরেই বাংলাদেশকে হূদয়ে গেঁথে নেওয়া লোকটির নাম চম্পকা রমানায়েকে। বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ। ২০০৮ সালের মার্চে দায়িত্ব নিয়েছিলেন, দুই বছরের চুক্তি নবায়ন না হওয়ায় গত বছর ফিরে এসেছেন নিজ দেশে। এখন তিনি মালিঙ্গা-কুলাসেকারাদের বোলিং কোচ। কিন্তু ভুলতে পারেননি বাংলাদেশকে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ঘণ্টা তিনেক ঘাম ঝরিয়ে যখন ক্লান্ত শরীরে কিটব্যাগ গোছাচ্ছেন, ‘বাংলাদেশ’ শব্দটা যেন মুহূর্তেই চনমনে করে তুলল তাঁকে। রুবেল-শাহাদাতের কী খবর, বিশ্বকাপের উন্মাদনা কেমন, শেরেবাংলা নাকি এখন দেখতে দারুণ হয়েছে—এমন নানা প্রশ্ন। একাডেমি মাঠটা দুর্দান্ত হয়েছে শুনে আরও উচ্ছ্বসিত।জানালেন পুরোনো শিষ্যদের সঙ্গে যোগাযোগ আছে এখনো। রুবেলরা নাকি মাঝেমধ্যেই ফোনটোন করেন, ‘ছেলেরা আমাকে পছন্দ করত, আমার বিশ্বাস, এখনো করে। আমিও ওদের পছন্দ করি।’ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটা দেখেছেনও টিভিতে। সেই দেখা থেকে উপলব্ধি, ‘উইকেট একেবারেই ব্যাটিং সহায়ক ছিল। ভারতকে হারাতে দরকার ছিল আরও স্মার্ট হওয়া। ব্যাটিং বা স্পিনিং উইকেট বানিয়ে ভারতের বিপক্ষে জেতা সম্ভব নয়।’ তাহলে কি সিমিং উইকেটের প্রয়োজন ছিল? উত্তরটা দিলেন একটু ঘুরিয়ে, ‘দেখুন, ভারতকে হারাতে হলে একটু ঝুঁকি নিতে হতো। কারণ জিততে হলে ওদের অলআউট করতে হবে। আর মাশরাফি যখন ছিল না, তখন নাজমুল বা শাহাদতের মতো কাউকে দরকার ছিল। নাজমুলের নিয়ন্ত্রণের সঙ্গে দুর্দান্ত বৈচিত্র্যও আছে। বুঝলাম না ওকে কেন খেলানো হলো না!’মাশরাফির চোটের খবর জেনেছেন চম্পকা, ভারত ম্যাচে অনুভব করেছেন তাঁর অভাবও। তাঁর মতে, নতুন বলে মাশরাফি অসাধারণ, সব সময়ই একটা-দুটো উইকেট নেয়। কিন্তু অবাক হলেন মাশরাফি এখন নেটে পুরোদমে বোলিং করছেন জেনে, ‘কিছু না-কিছু সমস্যা ওর সব সময়ই ছিল। ও সেসব নিয়েই খেলেছে এবং ভালো করেছে। আমি জানি না ওর চোট কতটা গুরুতর ছিল, দূর থেকে মন্তব্য করাও মুশকিল। তবে এমন যদি হতো যে একটা-দুটো ম্যাচ পরে ও ফিট হয়ে উঠবে, তাহলে ওকে রাখা উচিত ছিল।’এই বিস্ময় তো তবু পরিমিত ছিল। কিন্তু রীতিমতো আঁতকে উঠলেন রুবেল হোসেনের অ্যাকশন পরিবর্তনের কথা শুনে। গতি আরেকটু বাড়ানো আর চোটের ভয় কাটানোর জন্য রুবেলের অ্যাকশনে পরিবর্তন আনতে চান বোলিং কোচ ইয়ান পন্ট। যুক্তি শুনে আকাশ থেকে পড়লেন চম্পকা, ‘পেস তো ওর সব সময়ই ছিল, আর দরকার কী! অন্তত আমি ওর গতিতে সন্তুষ্টই ছিলাম। ওর বরং দরকার নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য। স্কিল বাড়াতে হবে। এখন বেশির ভাগ ম্যাচই হয় নিষ্প্রাণ উইকেটে। কাজেই গতি বাড়ানোর চেয়ে স্কিল বাড়ানোর প্রয়োজন। আমি মালিঙ্গাকে আবিষ্কার করেছি, কিন্তু ওর অ্যাকশন কি আমি বদলে দিয়েছি? ছেলেবেলা থেকে যেভাবে বল করত এখনো তা-ই করে। ও ১৪০-১৪৫ কিমিতে বল করে। কিন্তু এটা ওর মূল শক্তি নয়, ওর মূল শক্তি বৈচিত্র্য। রিভার্স সুইং, স্লো বল। রুবেল যদি এসব আয়ত্ত করতে পারে, আমি বলতে পারি, ও বিশ্বসেরাদের একজন হবে।’চম্পকা যখন বলছেন, মানতেই হবে। রুবেলকে তাঁর চেয়ে ভালো আর কে চেনেন? জাতীয় দলে আসার মাস ছয়েক আগেই বিকেএসপিতে রুবেলকে দেখে পরিচিত সাংবাদিকদের বলেছিলেন, এই ছেলে অনেক দূর যাবে।এই বিশ্বকাপেও থাকতে পারতেন ‘প্রিয়’ ছেলেদের পাশে! চম্পকার হাসিতে ফুটে উঠল আক্ষেপ, ‘থাকতে তো চেয়েছিলামই, হলো না। দুই বছরের চুক্তিতে আমি ভালো কাজ করেছিলাম। ফলাফলই এর প্রমাণ। এর পুরস্কার তো আশা করতেই পারি! বিসিবি আমাকে রাখতে চাইল, কিন্তু অর্থ বাড়াবে না। ঠিক তখনই আবার শ্রীলঙ্কা বোর্ড অফার দিল। টাকা বেশি, আমার পরিবার এখানে, আপনিই বলুন আমার জন্য ভালো কোনটা? আমার চাওয়া মিললে তবু থাকতাম। তবে কে জানে হয়তো আবার কোনো একদিন...।’