বাংলাদেশকে মার্কিন ফুটবল সহায়তা
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সাবেক ফুটবলার টনি সানেহ ও লিন্ডা হ্যামিল্টন। যুক্তরাষ্ট্র সরকারের ক্রীড়া ও সংস্কৃতি চুক্তির আওতায় এই দুই ফুটবলার বাংলাদেশ ফুটবলের উন্নয়নে কাজ করতে আসছেন। বাংলাদেশের মার্কিন দূতাবাস গতকাল বিষয়টি বাফুফেকে নিশ্চিত করেছে।
সানেহ ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪৩টি ম্যাচে খেলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। আর হ্যামিল্টন মহিলা দলের জার্সি গায়ে ১৯৮৭ থেকে ১৯৯৫ পর্যন্ত খেলেছেন ৮২টি ম্যাচ। সানেহ সর্বশেষ ২০০৯ সালে খেলেছেন মেজর সকার লিগের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে।
দুজনই ১০ দিনের জন্য ঢাকা আসবেন একটি কোচিং কর্মসূচিতে। বাংলাদেশের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-২১ পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণ দেবেন বাফুফের অ্যাস্ট্রো টার্ফে। ৭ ফেব্রুয়ারি দুই দলই একটি করে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। খেলার উদ্বোধন করবেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লু মজীনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।