বাংলাদেশকে মাসাকাদজার হুংকার
শুধু সিরিজে ফেরার চাপই নয়, আজকের দ্বিতীয় ওয়ানডেতে আরেকটা চাপও সঙ্গী হবে জিম্বাবুয়ের। কুইন্স স্পোর্টস ক্লাব যে শুধু বাংলাদেশের পয়মন্ত মাঠ নয়, এখানে জিম্বাবুয়েও স্বাগতিক—পারফরম্যান্স দিয়ে সেটা প্রমাণ করার চাপ।এর আগে এ প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। কাল কুইন্স স্পোর্টস ক্লাবের অনুশীলন শেষে দিলেন হ্যামিল্টন মাসাকাদজাও, ‘আমার মনে হয়, বাংলাদেশ এ মাঠে বেশ কিছু ভালো ম্যাচ খেলেছে, যেটা আমরা পারিনি। আমার মনে হয় না, এখানে অন্য কিছু আছে। আমরা তো নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ রান তাড়া করেও জিতেছি এ মাঠে।’তাহলে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬৯ তাড়া করতে গিয়ে কেন ১৪৮ রানেই ভেঙে পড়ল জিম্বাবুয়ে? কারণটা ব্যাটসম্যানদের ব্যর্থতা বলেই মনে করেন ওপেনার মাসাকাদজা, ‘ভুলটা হয়েছে জিয়ার বলে আমরা কেবলই ক্রস খেলে গেছি আর তাকে পাঁচটা উইকেট দিয়েছি। এটা খুব মামুলি একটা ভুল, কিন্তু এটাই আমাদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছে। এটা নিয়ে পরে সবাই কথা বলেছি। আজ (গতকাল) নেটেও এ নিয়ে কাজ হয়েছে। আশা করি, কাল (আজ) এই ভুল আর হবে না।’প্রথম ম্যাচটাকে একটা বাজে দিন ধরে নিয়ে বুলাওয়েতে আজ সবকিছু নতুন করে শুরু করতে চায় জিম্বাবুয়ে। ‘আমার মনে হয়, বুলাওয়েতে শুরুটা আমাদের বাজে হয়ে গেছে। যেভাবে লড়াই করার দরকার ছিল, আমরা তা পারিনি। এ রকম ব্যাটিং সহায়ক উইকেটে ২৬০-৭০ রান অতিক্রমযোগ্য। কিন্তু আমরা সেটা করার মতো ভালো ব্যাটিং করতে পারিনি।’—বলেন মাসাকাদজা।সেটার অন্যতম কারণ হতে পারে অধিনায়ক ব্রেন্ডন টেলর ও মাসাকাদজার জ্বলে উঠতে না পারা। জিম্বাবুয়ের ব্যাটিং তো তাঁদের ওপরই নির্ভরশীল অনেকটা। মাসাকাদজা মানতে চাইলেন না সেটা, ‘আমি সেটা মনে করি না। মিডল অর্ডারে রান করার মতো আরও ব্যাটসম্যান আছে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তারা সেটা করেছে। কাজেই ব্যাপারটা নির্দিষ্ট কারও ওপর নির্ভরশীল নয়। দলীয় প্রচেষ্টাই আসল এবং গতকাল (পরশু) আমরা দল হিসেবেই ভালো খেলতে পারিনি।’সম্ভবত বোলারদের হিসাবের বাইরে রেখেই কথাটা বললেন মাসাকাদজা। কারণ, বাংলাদেশ ২৬৯ রান করলেও সতীর্থ বোলারদের কোনো ত্রুটি ধরা পড়ছে না তাঁর চোখে, ‘আমার তো মনে হয়, তারা ভালো বলই করেছে। আমি বলেছি, ২৬০ এখানে অতিক্রমযোগ্য রান। অতিরিক্ত রানগুলো বাদ দিলে বোলাররা কিন্তু খারাপ বল করেনি।’আজ সব ভুলই শুধরে সিরিজে ফিরতে চায় জিম্বাবুয়ে। মাসাকাদজাকে সে ব্যাপারে আত্মবিশ্বাসী মনে হলো যথেষ্টই, ‘সিরিজে এখনো দুই ম্যাচ বাকি। আমার বিশ্বাস, ভালোভাবে ফিরে আসার মতো সামর্থ্য আমাদের আছে।’কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে কাল সকালে জিম্বাবুয়ের দীর্ঘ অনুশীলন দেখেও মনে হলো—এই ম্যাচকে বাঁচা-মরার লড়াই হিসেবেই নিয়েছে দলটি।