বাংলাদেশকে ম্যাথুসের খোঁচা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন। সংবাদ সম্মেলনেও হাসতে হাসতে একই কথা বলে শুরু করলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘চাইলে এই পিচে কাল থেকে আরেকটা টেস্ট শুরু করা যায়।’ সঙ্গী ম্যানেজার মাইকেল ডি জয়সার মুখেও হাসি। তবে সামনে বসে থাকা কেউই সেই হাসির মিছিলে যোগ দেননি। লঙ্কান অধিনায়কের কথায় হাসির উপাদান খুঁজে পাননি সংবাদকর্মীদের কেউ, বরং সবাই বিস্মিত। ম্যাথুসের দাবি, এই উইকেটের চেয়ে ব্যাটিং-স্বর্গ আর হয় না, শেষ দিনেও বোলারদের এখানে কিছুই করার ছিল না!
২৪ ঘণ্টা আগে চতুর্থ দিন শেষে এই একই চেয়ারে বসেছিলেন কৌশল সিলভা। বিলম্বিত ইনিংস ঘোষণার প্রশ্নে লঙ্কান ওপেনার বলেছিলেন, ‘আমাদের বিশ্বাস বাংলাদেশকে অলআউট করার মতো যথেষ্ট ওভার আমাদের হাতে আছে।’ বাংলাদেশ সেটাকে যথেষ্ট হতে না দেওয়ার পর লঙ্কান অধিনায়ক কি না দায় দিচ্ছেন উইকেটকে! শেষ দিনের উইকেটে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন যিনি, সেই মুমিনুল ম্যাথুসের কথায় হাসলেন, ‘আপনারই তো দেখেছেন উইকেট কেমন ছিল!’
দেখেছে সবাই, পাঁচ দিন ধরে বলাবলিও হচ্ছে। চোখের দেখা আর দুই দলের সবার অভিজ্ঞতা শুনে বলতে হয়, এই উইকেটে শুরুতে শট খেলা কঠিন, তবে থিতু হয়ে গেলে আর গভীর মনঃসংযোগে লম্বা ইনিংস খেলা যায়। মন্থর বলে ড্রাইভিং লেংথে টানা বোলিং করে গেলে বোলারদেরও কিছু পাওয়ার থাকে। অথচ বাংলাদেশ ড্র করে ফেলার পর কাল ম্যাথুসের ব্যাখ্যা, ‘উইকেট মোটেও স্পোর্টিং নয়, একেবারে ব্যাটিং-স্বর্গ। বোলারদের কিছুই করার ছিল না।’
এই কথায় খানিকটা বিভ্রান্ত সবাই যখন মনে মনে হিসাব মেলাচ্ছেন, তখন ম্যাথুসের ‘উপহার’ আরও এটা বিস্ময়কর ধাক্কা। গায়ে পড়েই খানিকটা খোঁচা দিলেন লঙ্কান অধিনায়ক, ‘চাইলে ওরা রানটা তাড়া করতে পারত, কিন্তু ওদের ব্যাটিংয়ে রান তাড়ার কোনো ইচ্ছেই ছিল না। আমরা তো কালকেই (পরশু) ইনিংস ঘোষণা করেছি, আজও (কাল) ইতিবাচক ছিলাম।’
বিস্ময়ের ধাক্কা সামলে পাল্টা প্রশ্ন, ‘তার মানে আপনি বলতে চাইছেন, টেস্টের চতুর্থ ইনিংসে ৯৮ ওভারে ৪৬৭ রান তাড়া করে জেতা সম্ভব?’ ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে যেখানে ৪১৮ রানের বেশি তাড়া করতে পারেনি কেউ, তার চেয়ে ৫০ রান বেশি করতে পারত বাংলাদেশ মাত্র ৯৮ ওভারে! ম্যাথুসের উত্তর হার মানাল পৃথিবীর সবচেয়ে ইতিবাচক ব্যক্তিকেও, ‘ওরা জিততে চাইলে অবশ্যই সম্ভব ছিল। সিরিজে পিছিয়ে ছিল তো ওরা, ১-০-তে হারা আর ২-০ তো একই। কদিন আগে পাকিস্তান দেখিয়েছে জিততে চাইলে জেতা যায়!’
শারজায় পাকিস্তানের লক্ষ্য ছিল ৫৯ ওভারে ৩০২, জিতেছিল ৯ বল বাকি থাকতে। জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট দুই ক্ষেত্রেই হয়তো কাছাকাছি, কিন্তু ৫৯ ওভারে ৩০২ আর ৯৮ ওভারে ৪৬৭ যে এক নয়, সেটি নিশ্চয়ই ম্যাথুস বোঝেন! ৫৯ ওভার হলে শুরু থেকেই অলআউট খেলা যায়, দ্রুত কিছু উইকেট পড়লে বাকি ওভার খেলে ড্র করা সহজ। কিন্তু ৯৮ ওভার মানেই তো টিকে থাকার লড়াই! শারজার উইকেটও ছিল খটখটে।
ম্যাথুস আসলে বুঝিয়ে দিলেন, জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের অবসরের আগে তাঁদের কাছ থেকে তাঁকেও অনেক শিখতে হবে।