বাংলাদেশকে সমীহ গেইলের
র্যাঙ্কিং বলছে, দুই দলের ব্যবধান খুব বেশি নয়। টেস্ট-ওয়ানডে দুটিতেই সাতে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ নয়ে। দুই র্যাঙ্কিংয়েই এই দুই দলের মাঝখানে নিউজিল্যান্ড। তবে র্যাঙ্কিংয়ে বাস্তবতার প্রতিফলন কতটা পড়ছে, সেটা নিয়ে সংশয় আছে যথেষ্টই। গেইল-নারাইনদের ছাড়াই গত অক্টোবরে বাংলাদেশে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার তো আসছে পূর্ণ শক্তিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের তরতাজা আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে।তবে বাস্তবতা যা-ই হোক, ক্রিস গেইল কিন্তু সমীহই করছেন বাংলাদেশকে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন বরং বাংলাদেশ সফরকে ‘চ্যালেঞ্জিং’-ই বলছেন। দলের সহ-অধিনায়ক দিনেশ রামদিন আবার বাংলাদেশে আসছেন দ্বিমুখী চ্যালেঞ্জ নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গতি ধরে রাখতে চান, সঙ্গে চাওয়া নিজের ব্যাটে রান-ফোয়ারা!গেইল বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৪ সালে, আর বাংলাদেশে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০২ সালে। ২০০৯ সালের যে সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল, সেটিতে খেলোয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়ে খেলেননি সে সময়ের অধিনায়ক গেইল। গত বছর বাংলাদেশ সফরে ছিলেন না বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে। সব ঝামেলা এখন চুকেবুকে গেছে, দলে ফিরেই বুঝিয়ে দিয়েছেন নিজের অপরিহার্যতা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে উড়ছে ওয়েস্ট ইন্ডিজও। তার পরও গেইল বাংলাদেশ সিরিজটাকে কঠিন মনে করছেন মূলত কন্ডিশনের কারণে, ‘সিরিজটা হবে দারুণ চ্যালেঞ্জিং। আমরা জানি, নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা বিপজ্জনক হতে পারে। এটা এমন কোনো দল নয়, যেখানে গিয়ে ওদের হালকাভাবে নেওয়া যায়। বাংলাদেশ সফর মোটেও সহজ নয়, রান করাটাও সহজ নয়। কন্ডিশনের কথা মাথায় রাখতে হবে আমাদের এবং মানিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব। আর সুযোগ এলেই সেটাকে লুফে নিতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দলের ১০ জনই বাংলাদেশে খেলে গেছেন গত বছর। এটাকে বাড়তি একটা সুবিধা ভাবছেন সাবেক অধিনায়ক, ‘দলের বেশির ভাগই বাংলাদেশে টেস্ট-ওয়ানডে খেলে এসেছে, বেশির ভাগেরই তাই অভিজ্ঞতাটা আছে। আশা করা যায় সিরিজটা ইন্টারেস্টিং হবে।’এই ‘অভিজ্ঞদের’ একজন রামদিন। গত বছর পুরো সিরিজেই বাংলাদেশে ছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেললেও টেস্ট সিরিজে বসে থাকতে হয়েছে বাইরে। টেস্টে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন কার্লটন বাফ। এবার টেস্ট দলে রামদিনই একমাত্র উইকেটকিপার, ড্যারেন স্যামির ডেপুটিও। তার পরও তিনি শঙ্কিত দলের নিজের অবস্থান নিয়ে। ইংল্যান্ডে টেস্ট সিরিজে একটা সেঞ্চুরি পেয়েছেন বটে, কিন্তু ব্যাটে নেই ধারাবাহিকতা। দলে ফেরার পর ৭ ইনিংসে পঞ্চাশ-ছোঁয়া ইনিংস ওই একটিই।বাংলাদেশ সিরিজটাকে রামদিন তাই নিচ্ছেন টেস্ট দলে জায়গা পাকা করার মিশন হিসেবে, ‘বাংলাদেশ সফরটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খুব বেশি রান পাইনি। এবার সুযোগটা কাজে লাগাতে চাই। গত বছরের সফরেও ছিলাম আমি, তবে খেলার সুযোগ পাইনি। আশা করি, এবার খেলব এবং রান করতে পরব।’ সহ-অধিনায়ক হিসেবে জানিয়ে দিয়েছেন দলের লক্ষ্যটাও, ‘দলের সবার মনোবল এখন উঁচুতে (টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে)। আশা করি, দুই সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া ক্যাম্পে (প্রাক-সফর ক্যাম্প) আমরা এই গতিটা ধরে রাখতে পারব এবং ওখানে গিয়ে স্বাগতিক দলকে হারাতে পারব।’ ওয়েবসাইট।