বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছে হংকং!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে ও হল্যান্ডকে হারিয়ে রীতিমতো চমকেই দিয়েছিল বাংলাদেশের গ্রুপসঙ্গী হংকং। কিন্তু মূল মঞ্চে হংকংকে বাস্তবতার জমিনে টেনে এনেছে নেপাল ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের কাছেই বড় ব্যবধানে হেরেছে হংকং। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে হংকং অধিনায়ক জেমি অ্যাটকিনসন অবশ্য জানালেন, তাঁরা বাংলাদেশকে হারিয়েই মিশন শেষ করবেন!
দুই ম্যাচ হেরে পরের পর্বে যাওয়ার স্বপ্ন অনেকটাই ধূসর হংকংয়ের। তবে দেশে ফেরার আগে বাংলাদেশকে মরণকামড় বসানোর খায়েশ হংকং অধিনায়কের। ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের এ উইকেটকিপার জানালেন, ‘বড় দাও মারতে হংকংয়ের জন্য এটি দারুণ এক সুযোগ। এটি হতে পারে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় জয় আর সম্ভবত বিশ্বকাপের বড় অঘটন। বাংলাদেশকে হারানোর স্বপ্ন ও ইতিহাস গড়ার আশা দলকে এগিয়ে নেবে।’
তবে বাংলাদেশের বিপক্ষে খেলতে পেরে বেশ রোমাঞ্চিত এশিয়ার দলটি। অ্যাটকিনসন বললেন, ‘দুটি পরাজয় দিয়ে টুর্নামেন্ট বাজেভাবে শুরু হওয়া আমাদের জন্য হতাশার। তবে আমাদের ভালো দিক হচ্ছে, বাংলাদেশের মতো শক্তিশালী ও টেস্ট দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। এ পর্যন্ত টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে আমরা মাত্র চারটি ম্যাচ খেলেছি।’
হংকং অধিনায়ক এ-ও জানেন, তাঁদের জন্য এ ম্যাচে হারানোর কিছু নেই। তবে বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচে জিতলেই বাংলাদেশের ‘টপ টেন’ নিশ্চিত। তাই অ্যাটকিনসন বললেন, ‘এ গ্রুপ থেকে কোয়ালিফাই করতে বাংলাদেশের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এত বড় আসরে খেলা আমাদের খেলোয়াড়দের জন্যও বড় সুযোগ। নিশ্চিত এদিন প্রচুর দর্শকের সামনে সকল খেলোয়াড়ই ঝাঁপিয়ে পড়বে।’