বাংলাদেশে আসছে পাকিস্তানি নিরাপত্তা-পর্যবেক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিজেদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন পাকিস্তান—এটা পুরোনো খবর। নতুন খবর হচ্ছে এশিয়া কাপের আগে বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে একজন কর্মকর্তা পাঠাচ্ছে দেশটি।

গতকাল বুধবার একটি বার্তা সংস্থা পাকিস্তানি ক্রিকেট কর্তাদের বরাতে এমন একটি তথ্য জানিয়েছে।

২০ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইসিসির একটি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। পিসিবি সেই বৈঠককে কেন্দ্র করেই একজন নিরাপত্তা পর্যবেক্ষক পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ওই পর্যবেক্ষক পাকিস্তানে ফিরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন জমা দেবে পিসিবিকে। সেই মোতাবেক সিদ্ধান্ত হবে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলতে বাংলাদেশে আসবে কি না।

 রাজনৈতিক সহিংসতার কারণে পাকিস্তানের আপত্তি সত্ত্বেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশের ওপর আস্থা রেখেছে। তবে পাকিস্তান নাকি এখনো ভাবছে তারা এশিয়া কাপে খেলতে আসবে কি না। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, এ মর্মেও জোর তত্পরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে এসব ব্যাপারে এসিসি ও আইসিসির অন্যান্য সদস্য দেশের কাছ থেকে তারা এখনো পর্যাপ্ত সমর্থন আদায় করতে পারেনি। সূত্র: জি-নিউজ।