বাংলাদেশে আসছেট্রায়াথলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইমিংপুলে সাঁতার শেষে জোরে সাইকেলের প্যাডলে পা চালাতে শুরু করলেন তিনি। একটু পরই সাইক্লিস্ট থেকে হয়ে গেলেন স্প্রিন্টার। ততক্ষণে দৌড়ে সবার আগে ফিনিশিং লাইন ছুঁতে মরিয়া ওই অ্যাথলেট। একই ব্যক্তি প্রথমে সাঁতারু, পরে সাইক্লিস্ট ও অ্যাথলেট—টেলিভিশনে এমনটা হয়তো দেখে থাকবেন আপনি। এই তিনের সমন্বয়েই মূলত ট্রায়াথলন। 

খেলাটা এ দেশে প্রথম চালু করেছিলেন মুসা ইব্রাহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে শৌখিনভাবে আন্তবিশ্ববিদ্যালয় ট্রায়াথলন প্রতিযোগিতার আয়োজন করেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী তরুণ। এবার ট্রায়াথলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশে।

ট্রায়াথলনে অলিম্পিকের নিয়ম অনুসারে একজন প্রতিযোগীকে প্রথমে দেড় কিলোমিটার সাঁতার কাটতে হয়। এরপর ৪০ কিলোমিটার সাইক্লিং শেষে দৌড়াতে হয় ১০ কিলোমিটার। অলিম্পিকে খেলাটির অভিষেক হয়েছিল ২০০০ সালে সিডনিতে।

বাংলাদেশ ট্রায়াথলন অ্যাসোসিয়েশন নামে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই সংগঠনটির নিবন্ধন চাওয়া হয় গত বছর মার্চে। কিন্তু সংগঠনটির নির্দিষ্ট গঠনতন্ত্র না থাকায় সেই আবেদনপত্র তখন গৃহীত হয়নি। এনএসসির নতুন সচিব আহমেদ মোর্শেদ অবশ্য এ বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারলেন না। মাস চারেক দায়িত্ব নিয়েছেন তিনি। তবে অন্য কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়ে বললেন, ‘এখনো আমরা ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের জন্য কোনো আবেদনপত্র পাইনি। এর আগে হয়তো একটা আবেদন হতেও পারে। যদি কেউ একটি অ্যাসোসিয়েশন গড়ার সব পূর্বশর্ত মেনে আবেদন করে, তাহলে সেটা বিবেচনা করা হবে। এ জন্য আমাদের যাচাই-বাছাই কমিটি আছে। সেখান থেকে অনুমোদনের পর এটির চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাহী কমিটি।’ জানা গেছে, আগের আবেদনটি কার্যকর না হওয়ায় গাইবান্ধার সাংসদ মাহবুব আরা গিনিকে সভাপতি ও মাহমুদুল করিমকে সাধারণ সম্পাদক করে নতুন একটি কমিটি এনএসসিতে শিগগিরই জমা দেওয়া হবে।

এত খেলা থাকতে এমন অপ্রচলিত খেলায় কেন আগ্রহী হলেন? মাহমুুদুল করিমের উত্তর, ‘আমরা নেপালে আমন্ত্রণমূলক ট্রায়াথলন টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে দুটি পদক জিতি। অনুশীলন ছাড়াই পদক পাওয়ার পর আগ্রহটা বেড়ে যায়। এরপর আন্তর্জাতিক ট্রায়াথলন ইউনিয়নে যোগাযোগ করি খেলাটা বাংলাদেশে চালু করার জন্য।’

এনএসসির অধীনে ফেডারেশন ও অ্যাসোসিয়েশন মিলিয়ে আছে ৪৩টি সংগঠন। এর মধ্যে দোকান সর্বস্ব সংগঠন রয়েছে অনেক। এদের মতোই কি আরেকটি সংগঠনের জন্ম হতে যাচ্ছে? তেমনটা হবে না বলেই জানালেন মাহমুদুল করিম, ‘আমরা সাইনবোর্ডসর্বস্ব কোনো সংগঠন করব না।’

কিন্তু চাইলেই তো একটি সংগঠন রাতারাতি দাঁড় করিয়ে দেওয়া যায় না। এর জন্য খেলোয়াড় সংগ্রহের পাশাপাশি ভেন্যুটাও থাকা জরুরি। মাহমুদুল জানালেন, ‘প্রাথমিকভাবে রাঙামাটিতে ভেন্যু করার পরিকল্পনা করেছি। সেখানে লেক ও রাস্তা পাশাপাশি আছে। আমাদের তাই খেলতে কোনো সমস্যা হবে না।’

বাংলাদেশে খেলাটির প্রচলক মুসা ইব্রাহিম এই খেলার বেশ সম্ভাবনা দেখছেন, ‘ভালোভাবে ট্রেনিং দিতে পারলে আমাদের এখান থেকেও বিশ্বমানের ট্রায়াথলন অ্যাথলেট বের হতে পারবে। বাংলাদেশে এই খেলার দারুণ সম্ভাবনা আছে।’