বাংলাদেশে আসছেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনের অর্ধেক সত্যি হলো, অর্থেক মিথ্যা। শোনা যাচ্ছিল, ওয়ানডের দুই ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ—দুজনই শেষ পর্যন্ত থাকছেন এশিয়া কাপের দলে। কিন্তু দলে আছেন টেন্ডুলকার, শেবাগকে দেওয়া হয়েছে বিশ্রাম। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার জহির খান ও উমেশ যাদবকেও। দলে ফিরেছেন ইউসুফ পাঠান ও অশোক দিন্দা। আর যাঁর মাঝে দেখা হচ্ছে ভবিষ্যৎ অধিনায়কের ছবি, তিনি পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। মহেন্দ্র সিং ধোনির ডেপুটি করা হয়েছে বিরাট কোহলিকে। ১১ থেকে ২২ মার্চ এশিয়া কাপের একাদশ আসর বসছে ঢাকায়।শেবাগের বিশ্রামকে অনেকে ‘বাদ’ হিসেবেও দেখছে। সেটা তাঁর ফর্মের কারণেই। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৪ টেস্টে ২৪.৭৫ গড়ে করেছিলেন মাত্র ১৯৮ রান। এরপর দুটি টি-টোয়েন্টিতে করেছেন ৪ ও ২৩, সিবি সিরিজে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে রান ৬৫! তবে প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত দাবি করেছেন বাদ নয়, বিশ্রামই দেওয়া হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে দলের ফিজিও বলেছেন শেবাগ ও জহিরকে বিশ্রাম দিতে। শুধু চোটের কারণেই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমি নিশ্চিত করতে পারি, ওদের বাদ দেওয়া হয়নি।’বিশ্বকাপের পর ভারতের হয়ে রঙিন পোশাকে শুধু সিবি সিরিজটাই খেলেছেন টেন্ডুলকার। ধারণা করা হচ্ছে, শততম সেঞ্চুরির ভূতটা কাঁধ থেকে নামাতেই ঢাকায় আসছেন ব্যাটিং জিনিয়াস। জহির-যাদবের বিশ্রাম পথ খুলে দিয়েছে দিন্দার জন্য। বাংলার পেসার সর্বশেষ ভারতীয় দলে খেলেছিলেন গত এশিয়া কাপে, শ্রীলঙ্কায়। রঞ্জিতে এবার ৬ ম্যাচে ৩৭ উইকেট দলে ফিরিয়ে আনল ২৭ বছর বয়সী পেসারকে। ইউসুফ পাঠানের দলে ফেরাটা অনুমিতই ছিল। জায়গাটা নড়বড়ে হলেও টিকে গেছেন রোহিত শর্মা ও সুরেশ রায়না। সিবি সিরিজে কোনো ম্যাচ না খেলা মনোজ তিওয়ারিও টিকে গেছেন দলে।এশিয়া কাপের ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক), গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, মনোজ তিওয়ারি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভিন কুমার, বিনয় কুমার, রাহুল শর্মা, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, অশোক দিন্দা।