বাংলাদেশে আসছেন না গাপটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান অ্যাঙ্কেলের চোট ভোগাচ্ছে বছর খানেক ধরে। সেটা মেনে নিয়েই খেলে যাচ্ছিলেন মার্টিন গাপটিল। কিন্তু আর পারছেন না। নিউজিল্যান্ডের ফিজিও পল ক্লোজ জানিয়েছেন, আর দেরি না করে অস্ত্রোপচার করিয়ে নিতে বলা হয়েছে গাপটিলকে। সেটা করানো মানে হচ্ছে, অক্টোবরের শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসতে পারবেন না নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।
ডান অ্যাঙ্কেলের চোট ছাড়াও কিছুদিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছেন গাপটিল। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে নকআউট পর্বে না খেলেই তাঁকে ফেরত যেতে হয় দেশে। চিকিৎসকেরা অবশ্য বলেছেন, আঙুলের চোটের জন্য কোনো অস্ত্রোপচারের দরকার নেই। তবে অ্যাঙ্কেলটা সারাতে হলে এটাই একমাত্র উপায়। আগামী মাসের শুরুতে অস্ত্রোপচার করাবেন বলে ঠিক করেছেন গাপটিল। সেরে ওঠার জন্য যে সম্ভাব্য সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে তার আগেই নিউজিল্যান্ড দল আসবে বাংলাদেশে। তবে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই হয়তো আবার ব্যাট হাতে দেখা যাবে তাঁকে। ক্রিকইনফো।