বাংলাদেশে আসছেন না মার্টিন গাপটিল

বাংলাদেশের বিপক্ষে টেস্টে তাঁর ব্যাটিং গড় ২৪৫! একটাই টেস্ট খেলেছেন। ২০১০ সালের সেই হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১৮৯, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৬। সেই মার্টিন গাপটিলের আসতে না পারাটা বাংলাদেশ দলের জন্য নিশ্চয়ই সুখবর। আঙুল এবং অ্যাঙ্কেলের চোটের কারণে অক্টোবরে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরে আসতে পারছেন না গাপটিল।
নিউজিল্যান্ডের অনলাইন পত্রিকা স্টাফ জানিয়েছে, সম্প্রতি শেষ হওয়া ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ব্যাটিং করার সময় ডানহাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায় গাপটিলের। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর চিকিত্সকেরা তাঁর আঙুলের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, আপাতত অস্ত্রোপচার লাগছে না। তবে প্লাস্টার করে রাখতে হবে। পুরোপুরি সেরে উঠতে তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে।
সে হিসেবে গাপটিলের বাংলাদেশে আসতে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, সফর এখনো চার সপ্তাহ দূরে। কিন্তু ফিজিও পল ক্লোজ বেশি চিন্তিত গাপটিলের ডান পায়ের অ্যাঙ্কেলের চোটটি নিয়ে। এই ইনজুরিটি গাপটিল এক বছর ধরে বয়ে বেড়াচ্ছেন। অ্যাঙ্কেলে এবার অস্ত্রোপচার করাতেই হবে। সেই অস্ত্রোপচার আগামী মাসে হওয়ার কথা। এ কারণে বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা তাঁর নেই। তবে নভেম্বরে শ্রীলঙ্কা সফর করতে পারবেন তিনি।
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে অক্টোবরের শুরুতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। তিন বছর আগের সর্বশেষ সফরটিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ধবল-ধোলাই করেছিল বাংলাদেশ।