বাংলাদেশে আসতে আগ্রহী বার্সেলোনা: সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এসে খেলতে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। তবে স্প্যানিশ জায়ান্টদের এই সফর বাবদ বিপুল অঙ্কের অর্থ দিতে হবে বলে প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।সালাউদ্দিন আজ বুধবার সাংবাদিকদের বলেন, ‘বার্সেলোনার কাছ থেকে আমরা একটা প্রস্তাব পেয়েছি। ওরা আগস্টে বাংলাদেশে এসে খেলতে চায়। এখানে আসা বাবদ বার্সেলোনা তিন মিলিয়ন ইউরো (প্রায় ৩২ কোটি টাকা) চেয়েছে। অর্থ সংগ্রহের ব্যাপারটা বিবেচনা করছি আমরা। বার্সেলোনাকে আনতে পারলে সেটা হবে দারুণ এক খবর।’রয়টার্স জানায়, ২০১১ সালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে উড়িয়ে এনেছিলেন সালাউদ্দিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। সালাউদ্দিন দ্বিতীয় মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর জানান, বার্সেলোনাকে নিয়ে ম্যাচ আয়োজন করতে চান তিনি। আগস্টে এশিয়া সফরের সময় বাংলাদেশে আসতে আগ্রহী বার্সাও। তবে বাংলাদেশের সামনে এখন বাধা অর্থ সংগ্রহের ব্যাপারটা।বাংলাদেশে আসা বাবদ বার্সাকে বিপুল অঙ্কের অর্থ তো দিতে হবেই, সঙ্গে আছে ম্যাচ আয়োজনের খরচ। এ ছাড়া বার্সার প্রতিপক্ষ কোন দল হবে, এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। বিদেশি দল আনতে গেলে খরচ বাড়বে আরও।সালাউদ্দিন জানিয়েছেন, বার্সেলোনাকে আনার ক্ষেত্রে অর্থায়নের ব্যাপারটা নিয়ে ভাবছেন তাঁরা। একই সঙ্গে বার্সেলোনার প্রতিপক্ষ কে হবে, সেটাও ভাবা হচ্ছে।