বাংলাদেশে আসতে চান পেলে-ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখনো যদি আপনাকে আমরা চাই, বাংলাদেশে যাবেন?’ সৌজন্য বিনিময় করে ফুটবল-সম্রাট পেলের কাছে বিনয়ের সঙ্গে জানতে চাইলাম। তাঁর কণ্ঠেও বিনয়। বাংলাদেশ নামটা শুনে অনেকের মতো না চেনার ভঙ্গি করেননি। আমার গায়ে হাত দিয়ে হেসে বললেন, ‘ও বাংলাদেশ! ভেরি নাইস। সুযোগ পেলে অবশ্যই যাব। আপনারা আমাকে আমন্ত্রণ জানাবেন। হাতে সময় থাকলে যাব।’ফুটবলের এই মহাতারকার সঙ্গে আমার দেখা দিন তিনেক আগে ফিফার কংগ্রেসে। বিশ্বকাপ শুরুর আগে জোহানেসবার্গে সব নামীদামি তারকারই ভিড়। কেউ ফিফার সঙ্গে সম্পৃক্ত, কেউ এসেছেন খেলা দেখতে। এই সুযোগেই অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। পেলে ছাড়াও বেকেনবাওয়ার, ববি চার্লটন, ইয়োহান ক্রুইফ, রজার মিলা, ডেভিড বেকহাম...এই কজনের সঙ্গে সৌজন্য বিনিময় হলো।বিস্তারিত পরে বলছি। এর আগে জানাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে ফিফায় এখন আমার যাতায়াত অবারিত। প্রায়ই ফিফায় আসি। ফিফার টেকনিক্যাল কমিটির সদস্যও আমি। এ সুযোগে সব মহাতারকার সঙ্গে আলাপ-পরিচয় হয়ে গেছে।টোটাল ফুটবলের ধারকা ইয়োহান ক্রুইফ তো বাংলাদেশ নামটা শুনে খুবই খুশি। বিশ্বকাপের এটা-ওটা নিয়ে কথা বলার এক ফাঁকে বললেন, ‘তোমরা পিছিয়ে আছ কেন? উঠে আসো। আমি আমাদের বাস্তবতার কথা তাঁকে জানালাম। আমার সঙ্গে তিনিও একমত হলেন। আমার খুব পছন্দের এই খেলোয়াড়কে একটা অনুরোধ রাখলাম এই ফাঁকে, ‘পারলে বাংলাদেশে একবার আসুন।’ বললেন, ‘দেখি...চেষ্টা করব...আমন্ত্রণ পাঠাও আমাকে।’ডেভিড বেকহাম এসেছিল ইংল্যান্ডের বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতার ফলোআপ করতে। ২০১৮ বিশ্বকাপটা তারা আয়োজন করতে চায়। একই সময় সেখানে চেলসির রুশ মালিক আব্রাহিমোভিচ। তিনি এসেছেন রাশিয়ার প্রার্থিতা নিয়ে। যা-ই হোক, বেকহামকে বললাম, তোমার মতো তারকা বাংলাদেশে এলে আমাদের তরুণেরা ফুটবলে অনুপ্রাণিত হবে। বেকহাম বলল, ‘সুযোগ পেলে বাংলাদেশে যাব। আমন্ত্রণ জানাবেন।’এ ধরনের অনুষ্ঠানে সৌজন্যমূলক কথাবার্তাই বেশি হয়। আমাদের মতো দেশের ফুটবল নিয়ে গুরুত্ব দিয়ে আলাপের সুযোগ থাকে না আসলে। তার পরও অনেক কথাই বলেছি। তবে কখনো কখনো ছিলাম খুব বিড়ম্বনায়। এখানকার আয়োজনে বেশ কিছু সমস্যা রয়েছে। বলতে খারাপ লাগছে, তিন ঘণ্টা জ্যামে পড়ে উদ্বোধনী অনুষ্ঠানটা দেখতেই পারলাম না! উদ্বোধনী ম্যাচ দেখে বেরিয়ে আরেক সমস্যা। এবার গাড়িই নেই! আমি, বেকেনবাওয়ার, নেপালের গণেশ থাপাসহ আরও কয়েকজন দুই-আড়াই ঘণ্টা ঘোরাঘুরি করে কোনো গাড়ি পেলাম না। পরে একটা গাড়ি নিয়ে সবাই একসঙ্গে হোটেলে এলাম এবং ডিনার করলাম।কংগ্রেস তো আসলে গতানুগতিক একটা ব্যাপার। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, আর মহাসচিব জেরম ভালকের বক্তব্যই মূল বিষয়। ফিফার নতুন পরিকল্পনা, আর কিছু হিসাব-নিকাশ নিয়ে কথা হয়। ভিডিও প্রদর্শনী থাকে। ব্যস, শেষ!একটা সুখবর দিই আপনাদের। বিশ্বকাপ আয়োজন করে ফিফার যে আর্থিক লাভ হচ্ছে, অতি ক্ষুদ্র হলেও তার একটা অংশ আমরা পাচ্ছি। এক কোটি টাকা করে দুই বছর পাব আমরা। এই টাকা দিয়ে বল কেনার একটা পরিকল্পনা আছে আমার। বল কিনে সারা দেশে দেব। আর একটা পরিকল্পনা আছে, চেষ্টা করছি, আমাদের অনূর্ধ্ব-১৫ দলকে আগস্টে ইংল্যান্ডে পাঠাতে। ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান স্যার ডেভ রিচার্ডস এটার ব্যবস্থা করে দিচ্ছেন।