বাংলাদেশে আসার আগে মিসবাহর দুশ্চিন্তা
আগামী মাসেই আবুধাবিতে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডে সিরিজ। আবুধাবিতে এই ‘হোম সিরিজ’ খেলে ডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান। এই দুটি সিরিজের আগে নতুন কোচের খোঁজ করতে হচ্ছে পিসিবিকে। আগে বলা কথামতো জিম্বাবুয়ে সিরিজ শেষেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস।অনেক ঘাত-প্রতিঘাত সয়ে পাকিস্তান দলটি দাঁড়িয়েই গিয়েছিল ওয়াকারের তত্ত্বাবধানে। কিন্তু শ্রীলঙ্কা আর বাংলাদেশ সফরের আগে ওয়াকার সরে যাওয়ায় সমস্যা হতে পারে বলে মনে করছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। ডেইলি টাইমস পত্রিকাকে মিসবাহ বলেছেন, ‘ভালো কোচ ছিলেন তিনি। তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটাও ভালো ছিল। চাপের সময়ে সব সময়ই তিনি আমাকে সাহায্য করতেন। কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়ও তাই হতো। তাঁর চলে যাওয়া আমাদের দলে প্রভাব ফেলবে।’নতুন একজন কোচ আসবেন। সিরিজের আগে তাঁর সঙ্গে অল্প সময়ের জন্যই কাজ করার সময় পাবে পাকিস্তান দল। এত অল্প সময়ে বোঝাপড়ার কাজটা হয়ে উঠবে কি না, মিসবাহর দুশ্চিন্তা এটাই, ‘নতুন কোচের সঙ্গে কাজ করতে আমরা মানসিকভাবে প্রস্তুত। কিন্তু এটা সত্যি, তাঁর সঙ্গে মানিয়ে নিতে এবং নতুন কোচকে বুঝে উঠতে আমাদের সময় লাগবে। কোনো দলের জন্যই এটা সহজ নয়।’তবে হাল ছাড়ছেন না মিসবাহ। জানালেন জয়ের প্রত্যয়, ‘সিরিজ জয়ের আত্মবিশ্বাস আমার আছে। আমাদের দলটা দারুণ একাত্ম।’ ওয়েবসাইট।