বাংলাদেশে এশিয়ান টুর গলফ
প্রথমবারের মতো এশিয়ান টুর গলফের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ গলফ ফেডারেশন। আগামী মে মাসের শেষ সপ্তাহে কুর্মিটোলা গলফ কোর্সে হতে পারে এই টুর্নামেন্ট।
সাধারণত এশিয়ান টুরের নির্দিষ্ট ওয়েবসাইটে অনেক আগেই দেওয়া থাকে সারা বছরের খেলার সূচি। কিন্তু ইন্টারনেট ঘেঁটে যে তথ্য পাওয়া গেল তাতে কোথাও লেখা নেই, ঢাকায় হতে পারে এশিয়ান টুর গলফের কোনো টুর্নামেন্ট। কিন্তু কাল কুর্মিটোলা গলফ কোর্সে সংবাদ সম্মেলন করে আয়োজক হওয়ার কথা জানিয়েছে ফেডারেশন। আগামী তিন বছরের জন্য এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হতে সম্মত হয়েছে বসুন্ধরা গ্রুপ। প্রাইজমানি ধরা হয়েছে তিন লাখ ডলার। এ উপলক্ষে কুর্মিটোলা গলফ কোর্সে দুই পক্ষের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে কাল।
এমনিতে এশিয়ান টুরের ইভেন্টে অংশ নিতে হলে বাংলাদেশের গলফারদের আন্তর্জাতিক বাছাই টুর্নামেন্টে টিকতে হয়। এটা শুধু ব্যয়বহুলই নয়, সময়সাপেক্ষও। কিন্তু বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুবাদে অন্তত ৩০ জন গলফার সরাসরি খেলতে পারবে মূল পর্বে।
এশিয়ান টুরের স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ—এমনটা শুনে দারুণ খুশি সিদ্দিকুর রহমান। কাল উচ্ছ্বসিত সিদ্দিকুর বললেন, ‘এটা আমাদের দেশের গলফের জন্যই খুব ভালো একটা খবর। আমাদের জন্য এমন একটা টুর্নামেন্ট খুবই দরকার ছিল। অনেক দিন ধরে আমি বাংলাদেশে এমন টুর্নামেন্টে খেলার আশায় ছিলাম।’ সর্বশেষ এশিয়ান টুরে নিজের প্রত্যাশামতো খেলতে পারেননি সিদ্দিকুর। তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এবার ভালো কিছু করে দেখাতে চান তিনি, ‘এটা আমার হোম গ্রাউন্ড। আশা করি আমি ভালোই খেলব এখানে।’