বাংলাদেশে এসেই তাঁর বদল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমর আকমল
উমর আকমল

সুযোগ হলে বারবার বাংলাদেশে আসতে চাইবেন উমর আকমল। কেন? উত্তরটা পেতে পারেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পুরো আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় যেখানে ৩৫.১১, সেখানে বাংলাদেশের মাটিতে সেটি ৫২.২৩! ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এর চেয়ে ভালো গড় যে আর কোনো দেশেই নেই উমর আকমলের।
এশিয়া কাপ খেলতে বাংলাদেশে আসার আগে লাহোরে ট্রফিক পুলিশের সঙ্গে হাঙ্গামা বাধিয়ে কয়েক ঘণ্টা হাজতেও কাটিয়েছেন। মাঠের বাইরের এ ঘটনাকে আড়াল করার জন্য মাঠে রান পাওয়াটা তাঁর জন্য বড্ড জরুরি হয়ে পড়েছিল। বাংলাদেশের এশিয়া কাপ তাঁকে দু হাত ভরে দিল। একটা সেঞ্চুরিসহ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান তো করলেনই, ৫ ম্যাচে ৮৪.৩৩ গড়ে ২৫৩ রান নিয়ে শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নের (২৭৯) পরে দ্বিতীয় সর্বোচ্চ রান তাঁর।
কদিন পর বাংলাদেশের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝলছে উঠলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৫৪ বলে ৯৪ করলেন, আগের ম্যাচে ভারতের বিপক্ষেও করেছিলেন দলীয় সর্বোচ্চ ৩৩ রান। সব মিলিয়ে সময়টা দারুণ কাটাচ্ছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। ম্যাচের পর বলেছিলেন, এটাই তাঁর ক্যারিয়ার-সেরা ইনিংস। এবার বলছেন, ক্যারিয়ারের সেরা সময়ই এখন কাটছে তাঁর, ‘ক্রিকেটকে ভালোবাসি আমি। তিন ফরম্যাটেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। জানি, এটা করতে হলে ধারাবাহিকভাবে রান করতে হবে আমাকে। আশা করছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার-সেরা ইনিংসটাই হবে আমার ক্যারিয়ারের নতুন বাঁক।’
ক্যারিয়ারে তাঁর বাঁক বদলের সময়টাতে জীবনও তো বাঁক নিচ্ছে। পাকিস্তানের স্পিন কিংবদন্তি আবদুল কাদিরের মেয়ে নূর আমনার সঙ্গে ১৬ এপ্রিল তাঁর বিয়ে। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নূরের সঙ্গে পরিচয় থেকে মন দেওয়া-নেওয়া। গত বছর বাগদানও হয়ে গেছে। ক্যারিয়ার সূর্যটা তো এই সময়ে মধ্য গগনে থাকা চাই। আর এর জন্য প্রস্তুত আকমল ভাইদের ছোটজন। পাকিস্তানের পক্ষে যত দিন সম্ভব খেলে যেতে চান, ‘তিন ফরম্যাটের ক্রিকেটেই পাকিস্তান দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করাটা চ্যালেঞ্জের। তবে বেশি চ্যালেঞ্জ টেস্ট দলে স্থায়ী হওয়া।’
ছন্দে থাকলে উমর আকমল ম্যাচ উইনার। কেউ কেউ তো তাঁর তুলনা করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির সঙ্গে। এ প্রসঙ্গে উমর আকমল ‘ডাক’ করতেই পছন্দ করেন, ‘আমরা দুজন আলাদা ধরনের খেলোয়াড়। দুজনের শক্তি, দুর্বলতার জায়গাও আলাদা। তবে একটা জায়গায় মিল আছে—আমরা দুজনেই দলের হয়ে রান করাটা উপভোগ করি।’ ওয়েবসাইট।