বাংলাদেশে কোটি টাকার জিমন্যাস্টিকস আসর
আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে সুলতানা কামাল চতুর্থ দক্ষিণ এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ।মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী কোটি টাকার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, উজবেকিস্তান, বাংলাদেশের ৩২ জন পুরুষ ও ২৪ জন মহিলা জিমন্যাস্ট।এই টুর্নামেন্ট আয়োজনে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের বড় একটা অনুদান পাচ্ছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। তবে সেটি সরঞ্জাম খাতে। ১ লাখ ২০ হাজার ইউরোর (১ কোটি ২৮ লাখ টাকা) অনুদানের মধ্যে আছে পমেল হর্স, রিংস, প্যারালাল বার, হরাইজন্টাল বার, ভল্ট, ব্যালেন্স বিম, ফ্লোর ও আন ইভেন বার। এসব ইভেন্টেই হবে খেলা। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়ে ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদ আশা প্রকাশ করেন, বাংলাদেশ টুর্নামেন্টে সোনা জিতবে। ‘বাংলাদেশের সাইক কায়সার খুবই ভালো মানের একজন জিমন্যাস্ট। আমরা ওর হাত ধরে অন্তত তিনটি সোনা জিততে পারব বলে আশা রাখি। ও টোকিও চ্যাম্পিয়নশিপে খুবই ভালো ফল করেছিল।’—বলেছেন শেখ বশির। এখান থেকে র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ারও সুযোগ রয়েছে জিমন্যাস্টদের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ড. গুরদিয়াল সিং প্রমুখ।