বাংলাদেশে দ্বিতীয় সারির দল নিয়ে আসছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেশ রায়না
সুরেশ রায়না

যিনি ব্রাত্য ছিলেন গেল এশিয়া কাপে, সেই সুরেশ রায়নাকে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারত। আগেই জানা গিয়েছিল, এ সিরিজে আসছেন না মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। দল ঘোষণার পর জানা গেল, থাকছেন না আরও অনেক তারকা ক্রিকেটার। দ্বিতীয় সারির দল নিয়েই ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চের মধ্যে, বর্ষা মৌসুমে ক্রিকেট খেলতে বাংলাদেশে আসছে ভারত।

বাংলাদেশ সফরে থাকছেন না রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবি চন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির মতো তারকা খেলোয়াড়েরা। ধোনির জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ঋদ্ধিমান সাহা। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দারুণ পারফর্ম করায় দলে ফিরছেন রবিন উথাপ্পা।

আন্তর্জাতিক ক্রিকেটে রায়নার অধিনায়কত্ব খুব একটা সমৃদ্ধ নয়। এর আগে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্ব করেছিলেন। সে সিরিজে অবশ্য দলকে ফাইনালে নিতে ব্যর্থ হয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতলেও তাঁর ব্যাটিং ও শট নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

ভারতীয় দল:
সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রাইড়ু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), পারভেজ রাসুল, আকসার প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।