বাংলাদেশে না হলে প্রস্তুত শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের এশিয়া কাপ-ভাগ্য নির্ধারিত হতে পারে আজ কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায়। তবে তার আগেই শঙ্কার একটি খবর এল গতকাল। বাংলাদেশে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত না হতে পারলে এই দুটি টুর্নামেন্টই আয়োজন করতে প্রস্তুত শ্রীলঙ্কা। বাংলাদেশে এই টুর্নামেন্ট দুটি না হলে শ্রীলঙ্কা যে আয়োজনে আগ্রহী সেটা শোনা গিয়েছিল আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে শোনা গেছে দক্ষিণ আফ্রিকার নামও। কোনো টুর্নামেন্ট একটি দেশে আয়োজন সম্ভব না হলে অন্য কোনো দেশের আগ্রহী হওয়াটা স্বাভাবিক। তবে এসিসির গুরুত্বপূর্ণ সভার আগের দিন এমন একটি খবর খুব ভালো কিছুর ইঙ্গিত অন্তত দেয় না!
২০১২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল শ্রীলঙ্কায়। এশিয়া কাপও সবচেয়ে বেশি চারবার আয়োজন করেছে শ্রীলঙ্কা। অতীত অভিজ্ঞতা তো আছেই। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব নিশান্থা রানাতুঙ্গার দাবি, ত্বরিত আয়োজন করতে হলেও প্রস্তুত তাঁদের বোর্ড, ‘যদি এসিসি চায় তাহলে এশিয়া কাপের আয়োজক হতে প্রস্তুত আমরা। অল্প সময়ের নোটিশে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার মতো মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো আমাদের আছে। আর যদি বলা হয়, তাহলে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আয়োজক হতেও আমরা প্রস্তুত।’
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশেই সিরিজ খেলতে আসার কথা শ্রীলঙ্কার। তবে এর আগেই যদি ওই দুই টুর্নামেন্টের ভেন্যু সরে যায়, তবে শ্রীলঙ্কারও বাংলাদেশে না আসার একটা জোরালো শঙ্কা থাকবে। তবে আপাতত তেমন কোনো ইঙ্গিত দেননি রানাতুঙ্গা, ‘এই
সিরিজ নিয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। নিরাপত্তা পরামর্শ অনুযায়ীই আমরা সিদ্ধান্ত নেব। হয়তো শিগগিরই আসবে সিদ্ধান্ত।’ এএফপি।