বাংলাদেশে মহিলা ফুটবলের বিস্তারে খুশি ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল যশোর স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব। এরপর তা চলবে যথাক্রমে দিনাজপুর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, নরসিংদী ও কুমিল্লা স্টেডিয়ামে। ২৮টি দলকে ভাগ করা হয়েছে ৭টি আঞ্চলিক পর্বে। গতবারের চেয়ে এবার তিনটি দল বেশি। আঞ্চলিক চ্যাম্পিয়নদের সঙ্গে গতবারের চ্যাম্পিয়নদের নিয়ে চূড়ান্ত পর্ব।কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলেন ফিফার মহিলা ফুটবল পরামর্শক রোনাল্ড ইকুইস্ট। সুইডিশ ভদ্রলোক বাংলাদেশে মহিলা ফুটবল কর্মসূচি দেখে বেশ খুশি। বাংলাদেশে কয়েকবারই এসেছেন, কক্সবাজারে সাফ মহিলা ফুটবল দেখেছেন। এই সফরগুলোর অভিজ্ঞতা তাঁর কাছে সুখকর, ‘এ অঞ্চলে মহিলা ফুটবলের বিস্তারে বাংলাদেশ এগিয়ে। ফিফা এ বিষয়টার ওপর নজর রাখছে এবং বাংলাদেশকে এ ব্যাপারে সহযোগিতা করবে তারা।’সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু সেরা দুটি দল, সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার জন্য অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন। বাফুফের মহিলা ফুটবল কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘আগামীতে মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ, করপোরেট লিগ, ফিফার সহায়তায় টুর্নামেন্ট, স্কুল প্রতিযোগিতা আয়োজন করা হবে।’