বাংলাদেশে লারার পর টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন টেলর: ৪৬ বলে সেঞ্চুরি
ব্রেন্ডন টেলর: ৪৬ বলে সেঞ্চুরি

নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে পা রাখতেই আলোটা সরে গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের ওপর থেকে। এরপর ঈদের উৎসব শেষ না হতেই রাজনৈতিক অস্থিরতা। প্রায় ভুলতে বসা লিগটা আবার শুরু হলো কাল। আর প্রথম দিনের সব আলো নিজের দিকে টেনে নিলেন প্রাইম ব্যাংকের ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ের অধিনায়ক কাল ১৪ চার ও ৩টি ছয় থেকে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ম্যাচের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। দ্রুততম সেঞ্চুরিটিও এক বিদেশির। ১৯৯৯ সালে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৪৫ বলেই সেঞ্চুরি পুরো করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সেঞ্চুরি পেয়েছেন টেলর-সতীর্থ সৈকত আলীও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ওপেনার অবসর নিতে বাধ্য হয়েছেন ১০৩ রানে। লিস্ট ‘এ’ ম্যাচে সৈকতের এটাই প্রথম সেঞ্চুরি। এই দুই সেঞ্চুরির সঙ্গে রুম্মন আহমেদ ও ইংলিশ ক্রিকেটার রবি বোপারার দুই ফিফটিতে ৩ উইকেটে ৩৫৩ রান করে প্রাইম ব্যাংক, বাংলাদেশে ঘরোয়া লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ দলীয় ইনিংস। কলাবাগান ক্রিকেট একাডেমিকে পরে ১৮৭ রানেই গুটিয়ে দিয়ে ১৬৬ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। আট ম্যাচে ব্যাংকের এটি পঞ্চম জয়।
ষষ্ঠ জয় পেয়ে কাল পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে গাজী ট্যাংক। বগুড়ায় শেখ জামালকে ৯ উইকেটে হারিয়েছে দলটি। জহুরুল ইসলাম (৮৯) ও জুনায়েদ সিদ্দিক (৬০) উদ্বোধনী জুটিতে ১৩২ রান এনে দেওয়ার পরও ২২৫ রানে অলআউট শেখ জামাল। ইমরুল কায়েস (১০৪*) ও পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিকের (১০৫*) সেঞ্চুরিতে ৩৬.১ ওভারেই এই রান পেরিয়ে যায় গাজী।
বিকেএসপিতে ইংলিশ ক্রিকেটার লুক রাইটের অলরাউন্ড নৈপুণ্যে লিগে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। অবনমনের শঙ্কায় পড়া ঢাকা লিগের সফলতম দলটি ৪ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে। নির্ধারিত ৫০ ওভারে ভিক্টোরিয়া করে ৮ উইকেটে ২৩৪ রান, যার ১৫২-ই সৌম্য (৬৮) ও রাসেল আল মামুনের (৭৬) উদ্বোধনী জুটির। আবাহনী ১৮৬ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। আল আমিন ও আলাউদ্দিন বাবু ৪৯ রানের জুটিই তাদের করে বিপন্মুক্ত। এর আগে বল হাতে ৩ উইকেট নেওয়া রাইট ৪৯ বলে ৬৬ করেছেন ব্যাটিংয়ে।
সং ক্ষি প্ত স্কো র
 ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৩৪/৮ (রাসেল ৭৬, সৌম্য ৬৮, জোবায়দুর ৩৭; রাইট ৩/৩৩, আল আমিন-২ ৩/৩৯, শামসুল ১/৩৮)। আবাহনী: ৪৭.৪ ওভারে ২৩৫/৬ (রাইট ৬৬, মোসাদ্দেক ৩৮, আল আমিন-২ ২৯*; সাকের ২/৩৬, সৌম্য ১/২৭, রবিউল ১/৪২)।
ফল: আবাহনী ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লুক রাইট (আবাহনী)।
 শেখ জামাল: ৪৭.১ ওভারে ২২৫ (জহুরুল ৮৯, জুনায়েদ ৬০, নাহিদুল ২০; নূর ২/১১, আরাফাত ২/২৫, শহীদ ২/৫৩)। গাজী ট্যাংক: ৩৬.১ ওভারে ২২৭/১ (তারিক ১০৫*, ইমরুল ১০৪*, আফতাব ৭; চিগুম্বুরা ১/১৮)।
ফল: গাজী ট্যাংক ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইমরুল কায়েস (গাজী ট্যাংক)।
 প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩৫৩/৩ (সৈকত ১০৩* (আহত অবসর), টেলর ১০০*, বোপারা ৭৯, রুম্মন ৫৩; আসিফ ১/১৭, আরমান ১/৬১, সাব্বির ১/৭২)। কলাবাগান একাডেমি: ৪৪.৪ ওভারে ১৮৭ (শরীফউল্লাহ ৬০, মিজানুর ৪১, মাসাকাদজা ২৬; মাহমুদুল ৩/৬, তাপস ২/২৪, এনামুল জু. ২/৩৮)। ফল: প্রাইম ব্যাংক ১৬৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন টেলর (প্রাইম ব্যাংক)।