বাংলাদেশেই তাঁর নতুন শুরু
শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো তাঁর মুকুটে উজ্জ্বলতম পালক। দ্বিতীয় দফায় আরেকবার কোচ হয়েছেন শ্রীলঙ্কার। ২০০৩ বিশ্বকাপে সেমিফাইনালিস্ট শ্রীলঙ্কা দলেরও কোচ ছিলেন তিনি। সর্বশেষ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের। ২০০৩ থেকে ২০০৭ মেয়াদকালের সময়টাতেও আছে বিশ্বকাপ-সাফল্য। ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ।চার বছর পর জাতীয় দলের কোচ হিসেবে ডেভ হোয়াটমোরের প্রত্যাবর্তনও হচ্ছে সেই বাংলাদেশেই। ১১ মার্চ থেকে ঢাকায় শুরু এশিয়া কাপে পাকিস্তানের কোচ হিসেবে যাত্রা শুরু হচ্ছে এই অস্ট্রেলিয়ান কোচের। বেশ আগেই একরকম চূড়ান্ত হয়ে গিয়েছিল ব্যাপারটা। কাল আনুষ্ঠানিকতাটুকুও শেষ হয়ে গেছে বলেই খবর। পিসিবির সঙ্গে চুক্তি সই করতে কাল পাকিস্তানে পৌঁছেছেন হোয়াটমোর। চুক্তিটা হয়ে গেছে কি না, নিশ্চিত হওয়া যায়নি। তবে নতুন কোচ নির্বাচনের দায়িত্বে থাকা কোচিং কমিটির প্রধান ইন্তিখাব আলম চুক্তি স্বাক্ষরের ব্যাপারটি নিশ্চিত করেছেন। কাল বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘হোয়াটমোর ও জুলিয়েন ফাউন্টেন এখানে এসে পৌঁছেছেন। হোয়াটমোর পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করবেন।’ চুক্তির বিস্তারিত জানাতে অবশ্য রাজি হননি ইন্তিখাব।জুলিয়েন ফাউন্টেন সম্ভবত নিয়োগ পাচ্ছেন ফিল্ডিং কোচ হিসেবে। হোয়াটমোরের মতো ফাউন্টেনের সঙ্গেও বাংলাদেশের যোগসূত্র আছে। গত বিশ্বকাপে বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন তিনি।৫৭ বছর বয়সী হোয়াটমোর অস্ট্রেলিয়ার পক্ষে সাতটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। ২০০৭ সালে বাংলাদেশের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর ভারতের কোচ হওয়ার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছিলেন। হোয়াটমোরের ভাগ্যের সেই শিকে ছিঁড়েনি। পরে পাকিস্তান দলের কোচ হতে চেয়েও ইন্টারভিউ দিয়েছিলেন। কিন্তু পিসিবি বেছে নেয় আরেক অস্ট্রেলিয়ান জিওফ লসনকে। একরকম বাধ্য হয়ে হোয়াটমোর দায়িত্ব নেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির। সেই দায়িত্ব ছেড়ে গত মৌসুমে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচ হয়েছিলেন।গত সেপ্টেম্বরে স্বাস্থ্যগত কারণে ওয়াকার ইউনিস দায়িত্ব ছেড়ে দিলে পাকিস্তান নতুন কোচের সন্ধানে নামে। নতুন কোচ নির্বাচনের জন্য গঠিত হয় তিন সদস্যের কমিটি। মাঝখানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন মহসিন খান। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার পর ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ধবলধোলাই করলে তাঁকেই রেখে দেওয়ার সম্ভাবনাও জেগেছিল। ওয়ানডে সিরিজে উল্টো ধবলধোলাই হওয়াতেই সম্ভবত সরে গেছে হোয়াটমোরের পথের কাঁটা।