বাংলাদেশেই থাকছেন পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শেষ হওয়া দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে সেরা সাফল্য উপহার দিয়েছে সাঁতার। মাহফুজা খাতুন শিলা জিতেছেন দুটি সোনা। পাশাপাশি ১৫টি ব্রোঞ্জ এসেছে সাঁতার থেকেই। সাঁতারের এমন ঈর্ষণীয় সাফল্যের বড় কারিগর পার্ক তে গুনকে রেখে দিতে মরিয়া ছিল ফেডারেশন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পার্কের বেতন। মাসিক আড়াই হাজার ডলার বেতন জোগাতেও হিমশিম খেতে হয়েছে ফেডারেশনকে। এবার ফেডারেশনের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
পার্কের বেতনের দায়িত্ব নিয়েছে বিওএ। শুধু তা-ই নয়, বেতন বাড়ানো হয়েছে দক্ষিণ কোরিয়ান কোচের। বর্তমানে পার্কের মাসিক বেতন সাড়ে ৪ হাজার ডলার। আগামী এক বছরের জন্য চুক্তি করা হয়েছে পার্কের সঙ্গে। তবে পারফরম্যান্সের ভিত্তিতে আরও এক বছর নবায়ন করা হতে পারে এটি। কাল বিওএ ভবনে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে।
অথচ পার্কের এই সাফল্যে নাকি খোদ ফেডারেশনেরই অনেক কর্মকর্তা নাখোশ ছিলেন! অনেকে চাইছিলেন, পার্ককে বিদায় করে দিতে। কিছুদিন আগে ফেডারেশনের এক সভায় এসব কথা আলোচনা হয়েছিল পার্কের উপস্থিতিতেই। বেশ কয়েক বছর বাংলাদেশে থাকা পার্ক অবশ্য বাংলা ভাষা বুঝতে পারেন ভালোই। এসব আলোচনা শুনে রাগ করে লাগেজপত্র গুছিয়ে চলে যেতে চেয়েছিলেন ওই দিনই। তবে ফেডারেশনের সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফার সঙ্গে সুসম্পর্কের খাতিরে তাঁর অনুরোধে শেষ পর্যন্ত বাংলাদেশে থাকতে রাজি হন। এরপরই পার্কের বেতন বাড়ানোর সিদ্ধান্ত। কাল রাতেই অবশ্য কোরিয়া ফিরে গেছেন পার্ক। এক বছরের ভিসা নিয়ে ১৬ মার্চ ফেরার কথা তাঁর। যাওয়ার আগে উচ্ছ্বসিত পার্ক বললেন, ‘আমি বাংলাদেশে থাকতে পেরে ভীষণ খুশি। সামনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাঁতার, সেখানে অন্তত ১৫টি সোনা উপহার দিতে চাই। শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপেও এসএ গেমসের চেয়ে ভালো করতে চাই আমরা।’