বাংলাদেশেও প্রো-কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে রঙিন আলো। ম্যাটের পাশে ইলেকট্রনিক বিলবোর্ডে ভেসে উঠছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম, টুর্নামেন্টের লোগো। অদূরে দৈত্য পর্দায় দেখানো হচ্ছে দুই দলের স্কোর। খেলার বিরতিতে উচ্চগ্রামে গান বাজছে। সরাসরি খেলা সম্প্রচার হচ্ছে ইউটিউব চ্যানেল ও ফেসবুকে। আলো-আঁধারিতে কাবাডি খেলার এমন অভিজ্ঞতা দেশের বেশির ভাগ খেলোয়াড়ের জন্যই প্রথম।

ভারতের পেশাদার লিগ প্রো-কাবাডিতে খেলেছেন বলে জিয়াউর রহমান, আরদুজ্জামানদের মতো কয়েকজনের এমন পরিবেশের সঙ্গে একটু পরিচয় আছে। গত বছর ভারতে সর্বশেষ বিশ্বকাপে আহমেদাবাদের ইনডোরে এভাবে খেলেছে জাতীয় দলও। কিন্তু অন্য খেলোয়াড়দের চোখে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরকে এক স্বপ্নরাজ্যই হয়তো মনে হয়েছে। মনে হয়েছে সেখানে কাল শুরু স্বাধীনতা দিবস কাবাডির চূড়ান্ত পর্বের জন্য। পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় দুই গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল। ফেডারেশন এই টুর্নামেন্টকে বলছে প্রো-কাবাডির মহড়া।

পেশাদারির এই যুগে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের ভাগ্য এখনো সার্ভিসেস সংস্থার হাতে। পুলিশ, জেল, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবির দাপটই এখানে বেশি। সাধারণ খেলোয়াড়েরা শখের বশেও কাবাডিতে আসতে চান না। কিন্তু চাকরির সুবাদে এই খেলাটাকে প্রতিদিনের ‘ডিউটির’ অংশ বলে ধরে নিয়েছেন খেলোয়াড়েরা। তবে শিগগিরই বাংলাদেশের কাবাডি ইতিহাসে যোগ হতে পারে নতুন অধ্যায়। ভারতের আদলে এবার প্রো-কাবাডির আয়োজন করতে চায় ফেডারেশন।

সদ্য দায়িত্ব নেওয়া অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পুলিশের বড় কর্মকর্তা (অতিরিক্ত উপমহাপরিদর্শক) হলেও খেলাধুলায় ভীষণ উৎসাহী। তিনিই কাল মিরপুর ইনডোরে দাঁড়িয়ে প্রো-কাবাডি আয়োজনের পরিকল্পনার কথা বলেন, ‘কাবাডি বাংলাদেশের মাটি ও মানুষের খেলা। একসময় এ নিয়ে অনেক উন্মাদনা ছিল, কিন্তু এখন সে জায়গাটা নিয়েছে ক্রিকেট ও ফুটবল। পাশের দেশে ১ হাজার ২০০ কোটি টাকার বাজেটে ফ্র্যাঞ্চাইজি করছে। যেটা আমাদের দেশেও করা সম্ভব। স্বাধীনতা কাপ কাবাডির রেশ থাকতেই এটির আয়োজন করতে চাই।’

হাবিবুর রহমান একটা খসড়া পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন, ‘ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে খেলার আয়োজন করব। ক্রিকেটের মতো ফ্র্যাঞ্চাইজি করা হবে। আকর্ষণ বাড়াতে চলচ্চিত্র তারকা রিয়াজ, মৌসুমী, ফেরদৌস, শাকিব খানদের একেকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করব। দর্শকেরা খেলা ও তারকাদের দেখতেই স্টেডিয়ামে ভিড় করবেন।’

এসব ফ্র্যাঞ্চাইজির মালিকানা বাছাই করতে দেশের বড় বড় ক্লাবের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানালেন, ‘আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলের মতো ক্লাবগুলোর সঙ্গে আমার পরিকল্পনা ভাগাভাগি করেছি। অনেকে উৎসাহ দেখিয়েছে। আমাদের দেশে পৃষ্ঠপোষকতা করার লোকের অভাব নেই। আমি প্রো-কাবাডিতে সুন্দর ভবিষ্যৎ দেখছি এ দেশে। আমার দায়িত্বে থাকার সময় কাবাডিকে কিছু একটা করে দিতে চাই।’

বাংলাদেশে প্রো-কাবাডি, কথাটা শুনতেই কাল উজ্জ্বল হয়ে উঠল জেল দলের খেলোয়াড় সাজিদ হোসেনের মুখ, ‘দেশে প্রো-কাবাডি হলে এত আনন্দিত হব যে সেটা বলে বোঝাতে পারব না। ইতিহাসের সাক্ষী হতে পারব, কিছু উপার্জনও হবে আমাদের।’