বাংলাদেশের অপেক্ষা আরও বাড়ল
এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উঠল কি না বাংলাদেশ, গতকাল বাছাইপর্বের খেলা শেষে তা জানানোর কথা ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)। কিন্তু বাফুফে থেকে যোগাযোগ করা হলেও এএফসি চূড়ান্ত কিছু জানায়নি। আজ-কালের মধ্যে হয়তো জানাতে পারে।এখানে অবশ্য এএফসির জানানোর কিছু ছিল না। বাইলজ অনুযায়ী বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠেছে, অথবা বিদায় নিয়েছে—হিসাবটা এমনই হওয়ার কথা। কিন্তু এএফসির বাইলজে ফাঁক থেকে যাওয়ায় বিভ্রান্তিটা তৈরি হয়েছে এবং বাংলাদেশকে থাকতে হচ্ছে অপেক্ষায়।নিয়ম অনুযায়ী, পাঁচ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি যাচ্ছে আগামী বছর ৮-২৩ মার্চে মালদ্বীপে অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে। সঙ্গে দুটি সেরা রানার্সআপ ও স্বাগতিক মালদ্বীপ। ২১ মার্চ চারটি গ্রুপের খেলা শেষে বাংলাদেশ সেরা রানার্সআপ হওয়ার তালিকায় ছিল সবার ওপরে। কাজেই বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়ারই কথা।কিন্তু ২২ মার্চ শেষ গ্রুপ, মানে ‘ই’ গ্রুপের খেলা শুরুর আগের দিন ব্রুনাই নাম প্রত্যাহার করায় ভজকট লেগে যায়। কোনো গ্রুপ থেকে দল প্রত্যাহার হলে অন্য সব গ্রুপের চতুর্থ দলের সঙ্গে গ্রুপের অন্যদের জয়-পরাজয়ের হিসাব বিবেচ্য হবে না—এএফসির বাইলজে এমন একটি ধারা আছে। এই ধারা কার্যকর হলে সেরা রানার্সআপ হওয়ার দৌড়ে ২১ মার্চ পর্যন্ত বাংলাদেশ ছিল তৃতীয় দল। পেছন থেকে সবার ওপরে চলে আসে লাওস। দুইয়ে ভারত। এই নিয়মে বাংলাদেশের আশা শেষই হয়ে যাওয়ার কথা।কিন্তু শেষ মুহূর্তে ব্রুনাইয়ের সরে যাওয়া গ্রহণ করেনি এএফসি। এই দলের বিপক্ষে গ্রুপের বাকি তিনটি দলকেই ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী চারটি গ্রুপের খেলা শেষে সেরা রানার্সআপ ছিল বাংলাদেশই। তবে কাল পঞ্চম গ্রুপের খেলা শেষে বাংলাদেশ থাকল দ্বিতীয় সেরা গ্রুপ রানার্সআপ হিসেবে।২১ মার্চ বাফুফেকে এএফসি জানায়, ২৬ মার্চ শেষ গ্রুপের খেলা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু গত সন্ধ্যায় শেষ হয়েছে ‘ই’ গ্রুপের খেলা। এএফসি বাফুফেকে কিছু জানায়নি। ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইন। গত দুটি চ্যালেঞ্জ কাপের রানার্সআপ তুর্কমেনিস্তান এই গ্রুপের রানার্সআপ এবং পাঁচ গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ। এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছে আফগানিস্তান, মিয়ানমার, ফিলিস্তিন ও কিরগিজস্তান।