বাংলাদেশের অভিযোগে পাকিস্তানের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ফাইনালের ফলাফল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা অভিযোগে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।বিসিবির দাবি অনুযায়ী, ফাইনালে ২ বল বাকি থাকতেই জিতে যাওয়া উচিত ছিল বাংলাদেশের। নিজেদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণ আইসিসি ও এসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বিসিবি।মিরপুরে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে শেষ ওভারের প্রথম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে পাকিস্তানি বোলার আইজাজ চিমার সঙ্গে ধাক্কা লেগেছিল মাহমুদউল্লাহর। এর জন্য তাঁকে সন্তুষ্ট থাকতে হয় ১ রান নিয়েই।নিয়মানুযায়ী, বোলার ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিলে ৫ রান জরিমানা হওয়ার কথা। বিসিবি পরিচালনা কমিটির সভায় গতকাল এ নিয়ে আলোচনা হয়।ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘আম্পায়ার তখন মৌখিকভাবে সতর্ক করেছিল বোলারকে। কিন্তু বোলার বাধা দিলে নিয়মানুযায়ী ডেলিভারিটি ডেড হওয়ার কথা, সঙ্গে পেনাল্টি ৫ রান। কালই ব্যাপারটি নিয়ে আমরা আইসিসি ও এসিসির কাছে অভিযোগ করেছি।’বাংলাদেশের অভিযোগকে ‘হতাশাজনক’ আখ্যায়িত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা সুবহান আহমেদ রয়টার্সকে বলেছেন, ‘বাংলাদেশের প্রতিক্রিয়ায় আমরা হতাশ। আমরা বিশ্বাস করি, যদি ওই ম্যাচে কোনো ভুল হয়ে থাকে, তাহলে ওখানেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল। আমরা বুঝতে পারছি না, বাংলাদেশ বোর্ড কেন এত দেরিতে প্রতিক্রিয়া জানাল।’ বাংলাদেশ আপিল করলেও এ ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন সুবহান আহমেদ।পিসিবির পরিচালক ইন্তিখাব আলম বলেন, বিসিবি কর্মকর্তাদের অভিযোগ সত্যি হতাশার ও দুঃখজনক। তিনি বলেন, এটা ছিল রোমাঞ্চকর ফাইনাল। ওই ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের জন্য সবাই বাংলাদেশের প্রশংসাও করেছে। এখন ওরা যে অভিযোগ করছে, এটা ওদের ম্যাচ শেষের ভাবনা। মূল ব্যাপারটা হলো, ম্যাচের কোনো আম্পায়ার এ নিয়ে অভিযোগ করেননি। বাংলাদেশের অভিযোগ কেবল অসাধারণ একটা ফাইনালের সৌন্দর্যকেই নষ্ট করবে।’